Collector
চীনা দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক, সহযোগিতা জোরদারের আহ্বান | Collector
চীনা দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক, সহযোগিতা জোরদারের আহ্বান
Jagonews24

চীনা দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক, সহযোগিতা জোরদারের আহ্বান

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে ঢাকায় চীনা দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। বৈঠকে দুই দেশের উন্নয়ন সহযোগিতা, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রোববার (২৪ মে) অনুষ্ঠিত এ বৈঠকে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আরিফুল ইসলাম তালুকদার, শহীদুল ইসলাম ফাহিম, সাকিব হোসেন ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম। বৈঠকে চীন দূতাবাসের পক্ষে ডেপুটি চিফ অব মিশন ড. লিইউ ইয়ুইনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জাগো নিউজকে বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি ও শিক্ষা-সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে চীনা দূতাবাসের সঙ্গে বৈঠক করে গণঅধিকার পরিষদ। বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, বাংলাদেশের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং বৃহৎ প্রকল্প বাস্তবায়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। তাই ভবিষ্যতে আরও কার্যকর ও প্রয়োগযোগ্য সম্পর্ক গড়ে তুলতে চায় আমাদের দল। বৈঠকে উচ্চতর পরিষদের সদস্য আরিফুল ইসলাম তালুকদার বলেন, বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশের ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে চীনে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি। দুই পক্ষই পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতে আরও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এমডিএএ/এসএএইচ

Go to News Site