Collector
ঈদের আগে মসলার বাজারে স্বস্তি, বিক্রি কমে হতাশ ব্যবসায়ীরা | Collector
ঈদের আগে মসলার বাজারে স্বস্তি, বিক্রি কমে হতাশ ব্যবসায়ীরা
Somoy TV

ঈদের আগে মসলার বাজারে স্বস্তি, বিক্রি কমে হতাশ ব্যবসায়ীরা

কোরবানির ঈদের আগে এবার রাজধানীর মসলার বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। বেশ কিছু মসলার দাম কমেছে। খুচরা পর্যায়ে বিক্রি কমে যাওয়ায় পাইকারি বাজারেও চাহিদা কমেছে। এতে ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও অবৈধ পথে আসা মসলার কারণে ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করছেন বিক্রেতারা।আর তিন দিন পরই কোরবানির ঈদ। সাধারণত এই সময় মসলার বাজারে অস্থিরতা দেখা গেলেও এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। রাজধানীর প্রধান পাইকারি বাজার মৌলভীবাজার ঘুরে দেখা গেছে, বেশ কিছু মসলার দাম কমেছে। খুচরা বাজারে বিক্রি কমে যাওয়ায় পাইকারি ক্রেতাদের আনাগোনাও কমে গেছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এবারের ঈদকেন্দ্রিক বেচাকেনা আশানুরূপ নয়। একজন ব্যবসায়ী বলেন, ‘বাজার কম। এর মধ্যে আবার সেল নাই। মানুষ চাপের মধ্যে আছে। প্রায় ২৫-২৬ বছরের মসলা ব্যবসার জীবনে এত ডাউন মার্কেট আগে দেখিনি। গত বছরের তুলনায় দামও কম।’ আরও পড়ুন: ঈদের আগে খাতুনগঞ্জে মসলার বাজারে দরপতন, দাম কমেছে ৭০০ টাকা পর্যন্ত তাদের অভিযোগ, ভারত থেকে অবৈধ পথে আসা মসলা বাজারে ছড়িয়ে পড়ায় ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। এক ব্যবসায়ী বলেন, ‘ভারত থেকে ব্ল্যাক পথে অনেক পণ্য ঢুকছে, এগুলো বন্ধ করতে হবে। যে জিরা ৫৮০ টাকা কেজি কিনছে, একদিন পরই সেটি কমে ৫৬০ টাকা হয়ে গেছে।’ অন্যদিকে, দাম তুলনামূলক কম থাকায় স্বস্তিতে আছেন পাইকারি ক্রেতারা। তবে খুচরা পর্যায়ে বিক্রি কমে যাওয়ায় তারা কিছুটা বিপাকে পড়েছেন। খুচরা ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় দাম খুব বেশি না বাড়লেও বাজারে ক্রেতার সংখ্যা কম। একজন খুচরা ব্যবসায়ী বলেন, ‘গত বছর ঈদের আগে মৌলভীবাজারের রাস্তা দিয়ে হাঁটা যেত না মানুষের ভিড়ে। এবার কাস্টমার একেবারে কম, রাস্তা ফাঁকা।’ তবে ঈদের আগ মুহূর্তে বাজার আবার জমে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

Go to News Site