Collector
প্রবাসীদের স্ত্রীর নীরব সংগ্রামের গল্পে ‘আমানত’ | Collector
প্রবাসীদের স্ত্রীর নীরব সংগ্রামের গল্পে ‘আমানত’
Jagonews24

প্রবাসীদের স্ত্রীর নীরব সংগ্রামের গল্পে ‘আমানত’

আসন্ন ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আমানত’। নাটকটি রচনা করেছেন অবয়ব সিদ্দিকী এবং পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও অর্চিতা স্পর্শিয়া। নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদের দিন রাত ৯টা ৩০ মিনিটে নাটকটি আরটিভিতে প্রচার হবে। এর গল্পে দেখা যাবে গ্রামের সাধারণ কিন্তু প্রতিবাদী এক নারী মায়াকে ঘিরে এগিয়েছে ‘আমানত’। তার স্বামী রাশেদ দীর্ঘ পাঁচ বছর ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছে। রাশেদের পাঠানো টাকায় অসুস্থ শ্বশুর-শাশুড়ি ও ছোট ননদকে নিয়ে সংসার সামলায় মায়া। কিন্তু স্বামীর দীর্ঘ অনুপস্থিতিতে সমাজের নানা কটু কথা, মানুষের বাঁকা দৃষ্টি আর অপবাদ যেন তার নিত্যসঙ্গী হয়ে ওঠে। ওষুধের দোকান থেকে শুরু করে বাজার, সবখানেই তাকে সহ্য করতে হয় অশালীন ইঙ্গিত ও অপমান। গ্রামের কিছু মানুষ রাশেদ পাশে নেই বলেই মায়াকে সহজ টার্গেট মনে করে। একদিন গ্রামের ছোট ভাই আবিরের রিকশায় লিফট নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় নতুন বিতর্ক। ঘটনাটি দেখে গ্রামের মুরুব্বি মতিন মিঞা মায়ার শ্বশুরের মনে সন্দেহের বিষ ঢেলে দেন। এরপর নিজের সততা নিয়েই প্রশ্নের মুখে পড়তে হয় মায়াকে। অন্যদিকে প্রবাসে থাকা রাশেদের সঙ্গে ভিডিও কলে মায়া সব কষ্ট আড়াল করে হাসিমুখে কথা বলে। শুধু একটাই প্রশ্ন করে, ‘তুমি কবে আসবে?’ দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরে আসে রাশেদ। তখন মায়া তার জমে থাকা অপমান, একাকীত্ব আর কান্নার গল্প খুলে বলে। স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে রাশেদ সমাজের অপবাদদাতাদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে। নির্মাতার ভাষ্য, ‘আমানত’ শুধু একটি পারিবারিক গল্প নয়; এটি প্রবাসীদের স্ত্রীদের নীরব সংগ্রাম, সামাজিক কুসংস্কার এবং বিশ্বাসের শক্তির গল্প।   এলআইএ

Go to News Site