Collector
রাজধানীতে চিপস কারখানায় আগুন, ২ শ্রমিক নিহত | Collector
রাজধানীতে চিপস কারখানায় আগুন, ২ শ্রমিক নিহত
Jagonews24

রাজধানীতে চিপস কারখানায় আগুন, ২ শ্রমিক নিহত

রাজধানীর উত্তর বাড্ডায় চিপস তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (২৪ মে) দিবাগত রাত ৩টার দিকে কবরস্থান রোডের আব্দুল্লাহ চিপস ফ্যাক্টরি নামের ওই কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা লিমা খানম। তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। লিমা খানম জানান, কারখানাটি ছিল দুই তলা আধাপাকা টিনশেড ঘর। আগুন নেভানোর পর সেখানে তল্লাশি চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আগুনের কারণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ নাসিরুল আমিন বলেন, ‘এটি গতকাল রাতের ঘটনা। অগ্নিকাণ্ডে দুজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। নিহত দুজন পুরুষ। তারা ওই কারখানার শ্রমিক ছিলেন। তাদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে পুলিশের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। কেআর/একিউএফ

Go to News Site