Collector
নরসিংদীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে কুপিয়ে হত্যা | Collector
নরসিংদীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে কুপিয়ে হত্যা
Somoy TV

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে তৃতীয় লিঙ্গের আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।রোববার (২৪ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারে এ হামলার ঘটনা ঘটে।নিহত ইয়াসমিন ওরফে সুমন রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান। আহত চাঁদনী ওরফে বাবু একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারে অবস্থান করছিলেন ইয়াসমিন ও চাঁদনী। রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত সেখানে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই ইয়াসমিনের মৃত্যু হয়। চাঁদনীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় চাঁদনীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।আরও পড়ুন: কুপিয়ে হত্যার পর যুবকের মরদেহ পুকুরে ফেলে গেলো দুর্বৃত্তরাপুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আজ সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব নাকি পূর্বশত্রুতার জেরে এই নৃশংসতা, তা খতিয়ে দেখা হচ্ছে।রায়পুরা থানার ওসি জানান, ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে হত্যার রহস্য উন্মোচন এবং আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Go to News Site