Collector
ঈদযাত্রায় ‘যন্ত্রণার’ কারণ হতে পারে ব্রাহ্মণবাড়িয়ার অংশ | Collector
ঈদযাত্রায় ‘যন্ত্রণার’ কারণ হতে পারে ব্রাহ্মণবাড়িয়ার অংশ
Jagonews24

ঈদযাত্রায় ‘যন্ত্রণার’ কারণ হতে পারে ব্রাহ্মণবাড়িয়ার অংশ

ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কের ভোগান্তির কারণ হতে পারে ব্রাহ্মণবাড়িয়ার অংশের ১২ কিলোমিটার সড়ক। জেলার আশুগঞ্জ থেকে খাঁটিহাতা বিশ্বরোড পর্যন্ত প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক দিয়ে যাতায়াতকারী পরিবহন ও যাত্রীদের। তবে হাইওয়ে পুলিশ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্নে করতে মহাসড়কের এই অংশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সড়ক ও জনপথ, জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ কাজ চলছে। এই প্রকল্পে ভারতীয় সরকার ৭৫ শতাংশ এবং বাংলাদেশ সরকার ২৫ শতাংশ অর্থায়ন করছে। প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে গত ৭-৮ বছর ধরে ধীরগতিতে কাজটি চলে আসছিল। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর ভারতীয় ঠিকাদারি কোম্পানির লোকজন নিজ দেশে চলে যান। ফলে ৩-৪ মাস বন্ধ ছিল কাজ। পরে আবারও প্রকল্পের কাজ শুরু হয়। চার লেনের এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয় ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনের উন্নীতকরণের অংশ। ফলে কাজের পরিধি আরও বেড়ে যায়। দুটি প্রকল্পের কাজ চলমান থাকায় প্রতিনিয়ত ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে খাঁটিহাতা বিশ্বরোড অংশে দীর্ঘ যানজট লেগে থাকছে। আসন্ন ঈদযাত্রায় এই সড়ক হতে পারে যন্ত্রণার কারণ। সরেজমিন গিয়ে দেখা যায়, মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর এলাকায় নির্মাণাধীন কাজের একটি অংশ খুলে দেওয়া হয়েছে। তারপরও যানজট কমেনি। খাঁটিহাতা বিশ্বরোড এলাকায় তীব্র যানজট লেগে আছে। গাড়ি এক লেনে চলাচল করায় এই সমস্যা তৈরি হয়েছে। সেখানে কথা হয় কাভার্ডভ্যান চালক ফারুক মিয়ার সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‌‘আমি ভোরে গাজীপুর থেকে মালামাল নিয়ে রওয়ানা হয়েছি। যাবো হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে। সকাল ১০টায় হবিগঞ্জ থাকার কথা। অথচ যানজটের কারণে দুপুর ১টা বাজে, এখনো ব্রাহ্মণবাড়িয়াতেই আছি।’ ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী লাবিবা বাসের চালক নজরুল ইসলাম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া থেকে মহাখালী যেতে তিন ঘণ্টা লাগার কথা। সড়কের বেহাল অবস্থা ও যানজটের কারণে পাঁচ ঘণ্টা লাগছে। এই অবস্থা চলতে থাকতে ঈদে মানুষের জন্যে খুব কষ্ট হবে।’ সোহাগ পরিবহনের ব্রাহ্মণবাড়িয়ার ম্যানেজার মো. ইমরান বলেন, ‘গত ৪-৫ বছর ধরে এই রুটে পরিবহনের ব্যবসা খারাপ যাচ্ছে শুধু সড়ক নির্মাণ প্রকল্পের কারণে। মাঝে কিছুদিন সড়কের অবস্থা ভালো ছিল, যানজট ছিল না। কিন্তু এখন আবার দীর্ঘ যানজট দেখা দিচ্ছে। ফলে যে বাস ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়ায় ২-৩ বার আসা যাওয়া করতে পারতো, তা শুধু একবার যেতে পারে।’ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ নানান পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানান খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহেরভ তিনি বলেন, ‘আশুগঞ্জের অংশে যানজট এরইমধ্যে কিছুটা কমে গেছে। খাঁটিহাতা মোড়ের নির্মাণাধীন অংশ ঈদের আগেই খুলে দেওয়া হবে। পাশাপাশি হাইওয়েতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।’ এসআর/জেআইএম

Go to News Site