Jagonews24
চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পাচারে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। সোমবার (২৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার দুপুরে কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবার বড় চালানসহ তিন মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. আব্দুল আলীম (৩৭), মো. মিজানুর রহমান মিরাজ (৪০) ও মো. ইলিয়াছ (৩৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের একটি দল কলেজ বাজার এলাকার ভাই ভাই মার্কেটসংলগ্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির পেছনে থাকা একটি লাগেজের ভেতর স্কচটেপে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় পাঁচ কেজি। এ ঘটনায় প্রথমে গাড়িচালক আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থানে আরও একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে মিজানুর রহমান মিরাজ ও মো. ইলিয়াছকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার মিজানুর রহমান মিরাজ ও ইলিয়াছের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।এ ঘটনায় কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এমআরএএইচ/এমএএইচ/
Go to News Site