Collector
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু | Collector
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
Jagonews24

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এর মধ্যে শেবাচিম হাসপাতালে মারা গেছে ৩১ জন। সোমবার (২৫ মে) হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। মৃত শিশুরা হলো- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর দাতপুর গ্রামের আল আমিনের ছেলে আলী আকবর (৫ মাস) এবং ভোলার দৌলতখান উপজেলার মধ্য জয় নগর বাংলাবাজার এলাকার ফয়জুদ্দিনের ছেলে আব্দুল আহাদ (৬ মাস)। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন করে ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৭ জন রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে মোট ২ হাজার ৫৬১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগজুড়ে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৬৫৩ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, সরকারি হাসপাতালগুলো হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় আন্তরিকভাবে কাজ করছে। চিকিৎসকদের পক্ষ থেকেও কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ রোগী নিউমোনিয়ায় আক্রান্ত। শাওন খান/এনএইচআর/জেআইএম

Go to News Site