Somoy TV
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে কোরবানির গরুবাহী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা পাঁচ গরুসহ ১৪ ব্যবসায়ী সাঁতের তীরে উঠতে পারলেও ২৩টি গরুসহ এক ব্যবসায়ী এখনো নিখোঁজ রয়েছেন।সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যবসায়ীর নাম আইয়ুব আলী (৪৫)। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের বাসিন্দা। নৌ পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন গরু ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ট্রলারে করে ঢাকার কেরানীগঞ্জের পশুর হাটের উদ্দেশে রওনা হন। পথে পদ্মা নদীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারে থাকা অধিকাংশ পাইকার সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব আলী নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে ট্রলারে থাকা ২৩টি গরুও নদীতে তলিয়ে যায়। আরও পড়ুন: কোরবানির গরুবাহী পিকআপ ও টমটমের সংঘর্ষ, চালক নিহত ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইলিয়াস জানান, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে মঙ্গলবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাবে। তিনি আরও জানান, নদীতে ডুবে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
Go to News Site