Collector
সিলেট-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত ঈদের পর | Collector
সিলেট-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত ঈদের পর
Jagonews24

সিলেট-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত ঈদের পর

সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি সভা করে বিষয়টি চূড়ান্ত করবে। তিনি বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার-এর যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে ফ্লাইট চালুর বিষয়ে অনুরোধ জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। দ্রুতই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশা করছেন। এর আগে ২০২০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর উদ্যোগে সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালু হয়েছিল। সে সময় সপ্তাহে দুই দিন ফ্লাইট চলাচল করলেও কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়। তবে সিলেট-চট্টগ্রাম রুটে এখনো পর্যন্ত সরাসরি কোনো ফ্লাইট চালু হয়নি। জেএএইচ/এমআইএইচএস

Go to News Site