Collector
সুনামগঞ্জে পশুর হাটের পাশেই জমজমাট ঘাসের বাজার | Collector
সুনামগঞ্জে পশুর হাটের পাশেই জমজমাট ঘাসের বাজার
Somoy TV

সুনামগঞ্জে পশুর হাটের পাশেই জমজমাট ঘাসের বাজার

সুনামগঞ্জের বালুর মাঠ এলাকায় পশুর হাটের পাশাপাশি বসেছে ঘাসের হাটও। হাট থেকে গবাদিপশু কেনার পর ঈদের দিন জবাইয়ের আগ পর্যন্ত কোরবানির পশুর খাবারের জন্য ঘাস, খড় ও লতাপাতা কিনতে হয়। তাই শহরের উকিলপাড়া পয়েন্ট সংলগ্ন সড়কের পাশে দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে এই অস্থায়ী ঘাসের বাজার।হাওরের বিভিন্ন এলাকা থেকে রিকশা ও ইজিবাইকে করে শহরতলির শ্রমজীবী ও ব্যবসায়ীরা হাওর থেকে টাটকা ও সবুজ ঘাস কেটে এবং খড় সংগ্রহ করে পশুর হাটে বিক্রির জন্য নিয়ে আসেন। পরে সেগুলো ছোট ছোট আঁটি করে সাজিয়ে বিক্রি করা হয়। অন্যদিকে, খড় ও হেলেঞ্চা বিক্রেতারাও বাড়ি থেকে খড়ের আঁটি এবং হাওর থেকে কেটে আনা হেলেঞ্চা ছোট আঁটি করে বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। প্রতি আঁটি ঘাস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। খড়ের আঁটির দাম ৫০ থেকে ৬০ টাকা এবং হেলেঞ্চা ঘাসের আঁটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। কোরবানির পশু কেনার পাশাপাশি ক্রেতারা ঘাসও কিনে নিয়ে যাচ্ছেন। শহরের আফতাবনগরের ঘাস ব্যবসায়ী কামাল হোসেন বলেন, প্রায় ১০ বছর ধরে এই হাটে ঘাসের ব্যবসা করছি। প্রতি কোরবানির ঈদে ৫ থেকে ৬ দিন এখানে ঘাস বিক্রি করা যায়। হাওর থেকে ঘাস কিনে ইজিবাইক ও রিকশায় করে বাজারে নিয়ে আসি। অনেক সময় ফোনে অর্ডার দিলে কৃষকরা হাওর থেকে ঘাস কেটে পাঠিয়ে দেন। আরও পড়ুন: উদ্বৃত্তের পরও প্রতিবছর কোরবানিতে পশুর দাম বাড়ে কেন? তিনি আরও বলেন, চিনাউড়া, পলাশ, বালাকান্দা, ডলুরা ও বিশ্বম্ভরপুর থেকে গাড়িতে করে ঘাসের চালান আসে। প্রতিদিন প্রায় ১০ চালান সবুজ ও সতেজ ঘাস বিক্রি হয়। আকারভেদে প্রতি আঁটি ঘাস পাইকারিতে ১৫ থেকে ২৫ টাকায় কিনে পরিবহন খরচ যোগ করে ৫০ টাকায় বিক্রি করা হয়। এতে ভালো লাভ থাকে। দরিয়াবাজ গ্রামের জামাল উদ্দিন বলেন, প্রতিবছর কোরবানির ঈদে এখানে ঘাসের হাট বসে। ৭ থেকে ৮ বছর ধরে এই হাটে ঘাস বিক্রি করছি। পাহাড়ি এলাকা থেকে কৃষকরা ঘাস কেটে নিয়ে আসেন, সেখান থেকে কিনে বাজারে বিক্রি করি। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে গত কিছুদিন ঘাস কেনাবেচা কম ছিল। তবে আবহাওয়া ভালো হওয়ায় এখন খামারি ও কৃষকরা গরু, ছাগল ও ভেড়া নিয়ে অস্থায়ী পশুর হাটে আসছেন। ক্রেতারাও গবাদিপশুর সঙ্গে ঘাস, খড় ও হেলেঞ্চা কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন।

Go to News Site