Collector
ইসলামী ব্যাংকে খুরশিদ আলমকে চেয়ারম্যান করার প্রতিবাদে মানববন্ধন | Collector
ইসলামী ব্যাংকে খুরশিদ আলমকে চেয়ারম্যান করার প্রতিবাদে মানববন্ধন
Jagonews24

ইসলামী ব্যাংকে খুরশিদ আলমকে চেয়ারম্যান করার প্রতিবাদে মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুরশিদ আলমকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় নিতে হবে। সোমবার (২৫ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা ফরিদুল ইসলাম, ব্যাংকের শেয়ারহোল্ডার ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, শাহীন আহমেদ খান, মোতাছিম বিল্লাহ, শামীম হাসনাইন, আব্দুর রহমান এবং অ্যাডভোকেট আব্দুল বারী প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসর ও এস আলম গ্রুপের সুবিধাভোগী হিসেবে পরিচিত খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে গ্রাহকরা মেনে নেবেন না। তারা বলেন, খুরশিদ আলমকে ব্যাংকে ঢুকতে হলে ৩ কোটি গ্রাহকের রক্তের ওপর দিয়ে ঢুকতে হবে। তারা আরও বলেন, গ্রাহকদের আমানত রক্ষায় প্রয়োজনে ব্যাংক পাহারা দেওয়া হবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে বক্তারা দাবি করেন, ইসলামী ব্যাংককে ধ্বংস ও আমানত লুটপাটের ষড়যন্ত্র চলছে। তারা বলেন, এস আলমের উত্তরসূরি ‘কে আলম’ হিসেবে খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বক্তারা আরও অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এস আলমের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। একইসঙ্গে তারা ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে স্বপদে বহাল রেখে ব্যাংকের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে ইসলামী ব্যাংকের শতাধিক শেয়ারহোল্ডার, গ্রাহক ও ব্যবসায়ীরা অংশ নেন। ইএআর/এসএনআর

Go to News Site