Jagonews24
পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন। সরকার-বেসরকারি সব প্রতিষ্ঠানে ছুটিও শুরু হয়েছে। ফলে ঢাকা থেকে গ্রামের বাড়ির পথে রওয়ানা দিয়েছেন বহু মানুষ। কেউ বাস, কেউ ট্রেন বা কেউ লঞ্চে বাড়ি ফিরছেন। মঙ্গলবার (২৬ মে) ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া। ট্রেনে ওঠার সময় ভিড়ের কারণে অনেকে দরজা দিয়ে উঠতে না পেরে জানালা দিয়েই কামরায় প্রবেশ করছেন। কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মজুড়ে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। কেউ হাতে ব্যাগ, কেউ বড় ট্রলি, আবার কেউ স্বজনদের জন্য নতুন জামা-কাপড়, খেলনা কিংবা ঈদের উপহার নিয়ে ছুটছেন গ্রামের পথে। যাত্রীদের অনেকে একজন আরেকজনকে জানালা দিয়ে ট্রেনের কামরায় উঠতে সহায়তা করছেন। অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন। কমলাপুর রেলস্টেশনের এক রেলওয়ে কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই জোর করে উঠে পড়ছেন। ঈদকে কেন্দ্র করে যাত্রীর এই চাপ সামাল দেওয়া কঠিন। এসএনআর
Go to News Site