Collector
চিলিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত | Collector
চিলিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
Somoy TV

চিলিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

চিলির উত্তরাঞ্চলে কালামা শহরের পূর্বদিকে ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য নিশ্চিত করেছে। তবে চিলি বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার এটাকে ৬.৮ মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছে।প্রতিবেদন মতে, চিলির উত্তরাঞ্চলীয় কালামা শহরের আন্তোফাগাস্তা এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় সোমবার (২৫ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে কালামা শহর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে এই কম্পন অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে এই দুর্যোগে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, ভূমিকম্পটি ৮৯ কিলোমিটার (প্রায় ৫৫.৩ মাইল) গভীরতায় আঘাত হানে। স্থানীয় প্রশাসন ও ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ এখন ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য আফটারশক (পরবর্তী কম্পন) মূল্যায়ন করছে। ঐতিহাসিকভাবে চিলি ভূমিকম্পপ্রবণ একটি দেশ এবং ১৫৭০ সাল থেকে এখন পর্যন্ত সেখানে প্রায় ১০০টি বড় ভূমিকম্প হয়েছে, যার মধ্যে অন্তত ৩০টি ছিল ৮.০ মাত্রার চেয়ে বেশি শক্তিশালী। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, গড়ে প্রতি দশকে অন্তত একবার সেখানে ৮.০ বা তার চেয়ে বড় মাত্রার একটি প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত হানে। আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি কোথায়? ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পটি হয়েছিল ১৯৬০ সালে চিলির ভালদিভিয়া এলাকায়, যার মাত্রা ছিল ৯.৫। সেই ভূমিকম্পের ফলে সৃষ্ট ১০ মিটার উঁচু সুনামির ঢেউ চিলির দক্ষিণাঞ্চল ধ্বংস করে প্রশান্ত মহাসাগর পেরিয়ে জাপানেও আঘাত হানে এবং চিলিতে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া ২০১০ সালে দেশটির মাউলে উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার আরেকটি বড় ভূমিকম্প ও সুনামিতে ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। তবে চিলির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ভূমিকম্পটি হয়েছিল ১৯৩৯ সালের ২৪ জানুয়ারি রাতে। ৮.৩ মাত্রার সেই চিলান ভূমিকম্পে পুরো শহরের অর্ধেকেরও বেশি ভবন ধসে পড়ে এবং যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সরকারি হিসাবে সেই শহরের প্রায় ২৪ হাজার মানুষ মারা যান, যদিও বেসরকারি ধারণায় এই প্রাণহানির সংখ্যা ৩০ হাজার পর্যন্ত বলা হয়ে থাকে।

Go to News Site