Collector
গাজা ফ্লোটিলার কর্মীদের নির্যাতন: ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার ঘোষণা মালয়েশিয়ার | Collector
গাজা ফ্লোটিলার কর্মীদের নির্যাতন: ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার ঘোষণা মালয়েশিয়ার
Somoy TV

গাজা ফ্লোটিলার কর্মীদের নির্যাতন: ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার ঘোষণা মালয়েশিয়ার

গাজাগামী মানবিক ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) স্বেচ্ছাসেবীদের অপহরণ ও নির্যাতনের অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করবে মালয়েশিয়া সরকার। স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।মালয় মেইলের প্রতিবেদন মতে, সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি বলেছেন, আইনজীবীরা তথ্য ও প্রমাণ সংগ্রহ সম্পন্ন করলেই কুয়ালালামপুর আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করবে। ইসরাইলের নৌ-অবরোধ ভেঙে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার উদ্দেশে সম্প্রতি যাত্রা করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় এই ফ্লোটিলায় আক্রমণ করে ৪০০-এর বেশি স্বেচ্ছাসেবীকে আটক করে ইসরাইলি বাহিনী। গত সপ্তাহে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির একটি ভিডিও প্রকাশ করেন। তাতে দেখা যায় যাত্রীদের হাত বেঁধে, অপমান করে এবং মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। বেন-গভিরের শেয়ার করা ভিডিওটি বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অনেক দেশই এর নিন্দা করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। কয়েকটি দেশ আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। আরও পড়ুন: ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪৮ জাহাজ আটক করল ইসরাইল যেমন গত শনিবার ফ্রান্স বেন-গভিরকে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। ফ্রান্স বলেছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ফরাসি ও ইউরোপীয় যাত্রীদের প্রতি তার অকথ্য আচরণের’ কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পোল্যান্ডও বেন-গভিরের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে। ফ্রান্স ও ইতালির নেতারা ইউরোপীয় ইউনিয়নের কাছে এই ইসরাইলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। ত্রাণবাহী জাহাজের স্বেচ্ছাসেবীদের প্রতি ইসরাইল সরকারের আচরণকে ‘ভয়ানক’ অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সেই সঙ্গে ইসরাইল কর্তৃপক্ষের এই অসম্মানজনক আচরণের স্বাধীন তদন্ত দাবি করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে তোলার ঘোষণা দিল মালয়েশিয়া। সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ২.০-এর স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে আমিরুদ্দিন বলেন, ‘আমরা চুপ করে থাকব না, আমরা থামব না। আইনি দল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সব তথ্য-প্রমাণ সংগ্রহ করছে। তাদের (ফ্লোটিলা কর্মীদের) একাধিকবার অপহরণ করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে।’ আরও পড়ুন: গাজা ফ্লোটিলার স্বেচ্ছাসেবীদের সঙ্গে ইসরাইলের আচরণ ‘ভয়ানক’: মার্ক কার্নি তিনি আরও বলেন, ‘আমরা এটি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব, কূটনৈতিক চাপ অব্যাহত রাখব এবং মালয়েশিয়ার সারা দেশে সফর করব।’ আমিরুদ্দিন বলেন, ফ্লোটিলা কর্মীদের ওপর নির্যাতন, অপহরণসহ নৃশংসতার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিশেষ করে মালয়েশিয়ান অংশগ্রহণকারীদের কথা মাথায় রেখে। তিনি জানান, এর পাশাপাশি সরকার গাজার ‘পূর্ণ মুক্তি’ দাবিতে কূটনৈতিক চাপ বজায় রাখবে। আমিরুদ্দিন বলেন, জিএসএফ ২.০ মিশন শেষ হলেও ফিলিস্তিনের প্রতি মালয়েশিয়া ও সেলাঙ্গরের অঙ্গীকার অব্যাহত থাকবে। ভবিষ্যতে ফিলিস্তিন-সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন মালয়েশিয়ায় আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে আন্দোলন আরও জোরদার হয়। তিনি আরও যোগ করেন, সুমুদ ৩.০ অবরোধ তুলে না দেয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে।

Go to News Site