Collector
বরখাস্ত হলেন এসি মিলানের কোচ | Collector
বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
Jagonews24

বরখাস্ত হলেন এসি মিলানের কোচ

এক মৌসুমের বেশি এসি মিলানের প্রধান কোচ হিসেবে থাকা হলো না ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির। সিরিআতে ব্যর্থতার পাশাপাশি ক্লাবকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করাতে না পারায় তাকে বরখাস্ত করা হয়েছে। ক্লাবের শীর্ষ কর্তৃপক্ষ এই মৌসুমকে ‘স্পষ্ট ব্যর্থতা’ হিসেবে আখ্যা দিয়েছে। শেষ ম্যাচে কাগলিয়ারির কাছে ২-১ ব্যবধানে হেরে এসি মিলান পয়েন্ট তালিকায় তৃতীয় থেকে পঞ্চম স্থানে নেমে যায়। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ইতালির প্রতিনিধিত্ব করবে ইন্টার মিলান, নাপোলি ও রোমা এবং ইতিহাসে প্রথমবারের মতো কোমো ১৯০৭। এসি মিলান, জুভেন্টাস খেলবে ইউরোপা লিগে। ক্লাবের মালিকানা প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স এক বিবৃতিতে জানায়, মৌসুমের বড় অংশে মিলান শীর্ষ দুইয়ের মধ্যে থাকলেও শেষ দিকের ধারাবাহিক ব্যর্থতা পুরো মৌসুমকে নষ্ট করে দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এখন ক্লাবের ফুটবল কাঠামোয় বড় পরিবর্তন ও পুনর্গঠনের সময় এসেছে। একইসঙ্গে প্রধান নির্বাহী জিওর্জি ফুরলানি স্পোর্টিং ডিরেক্টর ইগলি টারে এবং টেকনিক্যাল ডিরেক্টর জিওফ্রি মনকাডাও ক্লাব ছাড়ছেন। ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি দ্বিতীয়বারের মতো ২০২৫ সালের মে মাসে এসি মিলানে যোগ দেন। এর আগে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি সিরি আ শিরোপা এবং ইতালিয়ান সুপার কাপ জিতেছিলেন। এই মৌসুমে মিলান শেষ ১৩ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরে যায়, আর একই সময়ে তাদের প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান সিরিআ শিরোপা নিশ্চিত করে। আইএন

Go to News Site