Somoy TV
কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।সারা দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদ্যাপন হবে পবিত্র ঈদুল আজহা। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আরও পড়ুন: ঝড়বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস এদিকে, মঙ্গলবার (২৬ মে) দুপুরে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক মুঠোফোনে সময় সংবাদকে জানিয়েছেন, আগামী শুক্রবার (২৯ মে) পর্যন্ত বৃষ্টিপাতের এ প্রবণতা সারা দেশে অব্যাহত থাকবে। এরপর দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, তবে চট্টগ্রাম অঞ্চলে বাড়তে পারে। তিনি জানান, জুন মাসের ১ থেকে ২ তারিখে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবেও দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে বিষয়টি নির্ভর করছে লঘুচাপটির গতিপথের দিকে। যদি লঘুচাপটি মিয়ানমারের দিকে যায়, তাহলে শুধু চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হতে পারে। আর যদি বাংলাদেশের দিকে আসে, তাহলে সারা দেশেই বৃষ্টি হতে পারে। আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
Go to News Site