Somoy TV
মালদ্বীপে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন কামাল হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশির পাশে দাঁড়িয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। মানবিক সহায়তার অংশ হিসেবে এ অসুস্থ প্রবাসীকে দেশে ফেরার জন্য বিমানের টিকিট দেয়া হয়েছে।বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে দেশে প্রত্যাবর্তনের বিমানের টিকিট হস্তান্তর করেন হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এসময় মিশনের প্রথম সচিব মো. মোতাছেম বিল্যাহ ও তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী। বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাসিন্দা কামাল হোসেন (৪২) মালদ্বীপে দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগজনিত জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে প্রয়োজনীয় সেবাযত্ন নিশ্চিত করতে জরুরিভিত্তিতে তাকে দেশে ফেরানোর এ ব্যবস্থা করেন হাইকমিশন। আরও পড়ুন: বাংলাদেশ থেকে চিকিৎসক ও থেরাপিস্ট নেবে মালদ্বীপ টিকিট হস্তান্তরের সময় হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং হাইকমিশনের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একইসাথে ‘মালদ্বীপে অবস্থানরত যেকোনো প্রবাসী বাংলাদেশির মানবিক, স্বাস্থ্যগত ও কল্যাণমূলক সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন সর্বদা পাশে রয়েছে’ বলেও যোগ করেন তিনি।
Go to News Site