Collector
উত্তরায় ধর্ষণের গুজব, ভাইরাল পোস্ট ভিত্তিহীন জানালো ডিএমপি | Collector
উত্তরায় ধর্ষণের গুজব, ভাইরাল পোস্ট ভিত্তিহীন জানালো ডিএমপি
Jagonews24

উত্তরায় ধর্ষণের গুজব, ভাইরাল পোস্ট ভিত্তিহীন জানালো ডিএমপি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট প্রচার করে দাবি করা হয়, রাজধানীর উত্তরায় স্বামীর সঙ্গে ঈদের মার্কেট করতে এসে, ধর্ষণের শিকার এক নারী। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। এন এম নাসিরুদ্দিন বলেন, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাচাই-বাছাই ও অনুসন্ধানে এ ধরনের কোনো ঘটনা উত্তরায়, কিংবা বাংলাদেশের কোথাও সংঘটিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক অস্থিরতা তৈরির অপচেষ্টা হিসেবে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের গুজব ছড়াচ্ছে। এতে আরও বলা হয়, সম্প্রতি বিভিন্ন পুরোনো, সাজানো কিংবা ভিন্ন দেশের ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচারের একাধিক ঘটনা আন্তর্জাতিক ও দেশীয় ফ্যাক্টচেক সংস্থাগুলো মিথ্যা বলে শনাক্ত করেছে। জনসাধারণকে এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও ও গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। কোনো তথ্য শেয়ার করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে সত্যতা যাচাই করার আহ্বানও জানানো হচ্ছে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধও করা ডিএমপির তরফে। কেআর/এসএনআর

Go to News Site