Somoy TV
পবিত্র ঈদুল আজহার উৎসব নিরাপদ ও নির্বিঘ্ন করতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (২৬ মে) বিকেলে পুরানা পল্টনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কার্যালয়ে স্থানীয় অসহায় মানুষদের মাঝে ঈদসামগ্রী বিতরণকালে এই দাবি জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা ও একটি উৎসবমুখর নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। ঈদ উৎসবকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে।’দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই শীর্ষ নেতা অভিযোগ করেন, ব্যাংকিং ব্যবস্থার রাজনীতিকরণের মাধ্যমে বর্তমান সরকার দেশকে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। আর্থিক খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা আমজনতার জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। আরও পড়ুন: একটি চক্র দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: গোলাম পরওয়াররাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের চেতনাবিরোধী অবস্থান নিয়ে সরকার পুরোনো ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছে, যা দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।’ দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার বিরুদ্ধে হওয়া যে কোনো চক্রান্ত দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত এই ঈদসামগ্রী বিতরণ কর্মসূচিতে দলটির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Go to News Site