Somoy TV
দেশের সামগ্রিক কল্যাণের কথা বিবেচনা করে এবং অর্থনীতিকে সচল করতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী। একই সঙ্গে তিনি এই প্যাকেজকে একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।মঙ্গলবার (২৬ মে) এক বিবৃতিতে তিনি এ কথা জানান। সালাউদ্দিন চৌধুরী বলেন, বিগত বছরগুলোতে দেশীয় ও আন্তর্জাতিক বহুবিধ সংকটের কারণে দেশের সামগ্রিক অর্থনীতি কোণঠাসা হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পসহ (আরএমজি) বিভিন্ন উৎপাদনমুখী খাতে। উদ্ভূত সংকটের কারণে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এবং বিপুলসংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, দেশে বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে গেছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয়ের ওপর। আরও পড়ুন: আগামী অর্থবছর থেকে সারাবছর রিটার্নের সুবিধা দেবে এনবিআর: চেয়ারম্যান বিনিয়োগ স্থবিরতার অন্যতম কারণ হিসেবে কর কর্মকর্তাদের ভূমিকার সমালোচনা করে সালাউদ্দিন চৌধুরী বলেন, একই প্রতিষ্ঠানে বারবার কর কর্মকর্তাদের হয়রানির ফলে ব্যবসায়ীরা চরমভাবে বিরক্ত। এর ফলে নতুন বিনিয়োগ বাড়ছে না, সৃষ্টি হচ্ছে না কর্মসংস্থান এবং স্থবির হয়ে আছে রাজস্ব আদায়। দেশের আর্থিক খাতের অন্যতম স্তম্ভ ব্যাংকিং সেক্টরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং জটিল ও চড়া সুদের কারণে ব্যাংকিং সেক্টর এখন টালমাটাল অবস্থায় রয়েছে। সরকারের এই প্রণোদনায় আশা করি ঘুরে দাঁড়াবে দেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতি পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। তবে বরাবরের মতো এবারও আশা করি ব্যাংকিং খাত কোনো ভুল করবে না।
Go to News Site