Jagonews24
খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফলে ময়মনসিংহ নগরীতে জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বর্তমানে শহরের প্রায় ৬০ শতাংশ সড়কে আর জলাবদ্ধতা তৈরি হচ্ছে না। অবশিষ্ট ৪০ শতাংশ এলাকার সমস্যাও দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে নগরীর টাউনহল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর ইতিবাচক প্রভাব এরইমধ্যে দৃশ্যমান। একসময় বৃষ্টি হলেই ঢাকা ও ময়মনসিংহ শহরের সড়ক পানিতে তলিয়ে যেত, কিন্তু বর্তমানে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।’ তিনি আরও বলেন, “বর্তমান সরকার দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও উপজেলায় উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে। এর অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ময়মনসিংহের নান্দাইলে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শিগগির জেলার সব উপজেলায় এটি সম্প্রসারণ করা হবে।’ ঈদের পর ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ প্রমুখ। হোসাইন সুলভ/এসআর/এমএস
Go to News Site