Jagonews24
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারের তদারকির কারণে অধিকাংশ শিল্প-কারখানায় শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে এবং শ্রমিকরা হাসিমুখে বাড়ি ফিরছেন। এসময় তিনি শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানান। মঙ্গলবার (২৬ মে) বিকেলে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিছু কিছু মিলের মালিক মে মাসের বেতন দেওয়ার সময় না হলেও ১৫ দিনের অগ্রিম পরিশোধ করে দিয়েছেন। দুই-চারটা মিল ছাড়া আর কোথাও সমস্যা নেই।’ বিদেশে চাকরির নামে প্রতারণার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করা ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরনের জালিয়াতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’নীতি গ্রহণ করেছে। এসময় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আহমেদ জামিল/এএইচ/এমএস
Go to News Site