Somoy TV
সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।বুধবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় জানায় গত মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর একটি অভিযানিক দল সিলেটের জৈন্তাপুর থানাধীন চিকনাগুল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন- উমনপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে সাব্বির উদ্দিন, মৃত সিদ্দিক আলীর ছেলে মো. হাবিবুর রহমান ও গোয়াবাড়ী গ্রামের মো. ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ। র্যাব জানায়, চিকনাগুল বাজারের উত্তর পাশে মহাসড়কের ওপর মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা অবস্থান করলে রাত সোয়া ৯টার দিকে সেখানে অভিযান চালায় র্যাব। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। আরও পড়ুন: মাদকের টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন, যুবক গ্রেফতার পরে তাদের দেহ তল্লাশি ও বহন করা মালামাল পরীক্ষা করে সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮টি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১২১ বোতল বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দ করা আলামতসহ তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়। র্যাব আরও জানায়, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
Go to News Site