Jagonews24
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে তার একদিন আগেই বুধবার (২৭ মে) রাজধানীতে শতাধিক মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সকালে ‘খানকায়ে সুরেশ্বরী’র আয়োজনে মালিবাগ চৌধুরীপাড়া সি ব্লকের ১০ নম্বর রোডের ৩৮৫/সি ঠিকানায় এই জামাত অনুষ্ঠিত হয়। এই ঈদের জামাতে অংশগ্রহণকারীদের দাবি, এটি নতুন কোনো আয়োজন নয়। দীর্ঘদিন ধরেই এখানে প্রতিবছরই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করেন। সকালের বৃষ্টির মধ্যেই মুসল্লিরা জামাতে অংশ নিতে আসেন। তবে বৃষ্টির কারণে অংশগ্রহণকারীর সংখ্যা কিছুটা কম হয়েছে। জামাত শেষে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। ঈদের জামাতে অংশ নেওয়া মো. সাইফুল ইসলাম নামের একজন বলেন, বৃষ্টি ছিল, তাই অনেক মানুষ আসতে পারেন নাই। যারা দূর থেকে আসে, তারাও অনেকে আসতে পারেননি। আশেপাশের এলাকার মানুষজনই বেশি ছিল। তারপরও শতাধিক মুসল্লি হয়েছে। তিনি আরও বলেন, আমাদের এখানে এটা নতুন কিছু না। দীর্ঘদিন ধরে আমরা এইভাবে ঈদের জামাত করে আসছি। আমাদের হিসাব-গণনাও আছে। আপনারা হয়তো আগে আসেন নাই, কিন্তু এটা আমাদের দীর্ঘদিনের রেওয়াজ। জামাতে ইমামতি কে করেন? জানতে চাইলে তিনি বলেন, জামাতে ইমামতি করেন স্থানীয় একজন ধর্মীয় নেতা। উনি খুব ভালো মানুষ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তো আগামীকাল ঈদের নামাজ আদায় করা হবে, তাহলে আপনারা একদিন আগে নামাজ আদায় করলেন কেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা চাঁদ দেখার ওপর নির্ভর করে নামাজ আদায় করি। আমাদের গণনার পদ্ধতি আছে। সেটার ওপর নির্ভর করেই আজ ঈদের নামাজ আদায় করেছি। এই ঈদের জামাতে অংশ নেওয়া নাজিম উদ্দিন নামের আর একজন বলেন, আমরা চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রতি বছর এখানে ঈদের নামাজ আদায় করি। এটা এবারই প্রথম না, দীর্ঘদিন ধরেই প্রতিবছর আমরা এভাবে ঈদের নামাজ আদায় করছি। এদিকে আগামীকাল জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন ঈদ জামাতে লাখো মুসল্লির অংশ নেওয়ার কথা রয়েছে। ঈদ উপলক্ষে এরই মধ্যে রাজধানীজুড়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমএএস/এমএমকে
Go to News Site