Collector
ঈদ ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, সাগরিকা পশুর হাট পরিদর্শনে র‍্যাব | Collector
ঈদ ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, সাগরিকা পশুর হাট পরিদর্শনে র‍্যাব
Jagonews24

ঈদ ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, সাগরিকা পশুর হাট পরিদর্শনে র‍্যাব

ঈদুল আজহা ঘিরে চট্টগ্রাম মহানগরী ও আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-৭। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল, চেকপোস্ট ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সাগরিকা পশুর হাট ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছে বাহিনীটি। বুধবার (২৭ মে) র‍্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নগরের অলংকার, একে খান বাসস্ট্যান্ড এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডাকাতি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে র‍্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া বাসের টিকিট সিন্ডিকেট, কালোবাজারি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ঠেকাতেও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব। এর অংশ হিসেবে র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদুল ইসলাম বুধবার নগরের সাগরিকা কোরবানির পশুর হাটসহ কয়েকটি পশুর হাট এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। এসময় তিনি ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে পশুর হাটের সার্বিক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পদক্ষেপ পর্যবেক্ষণ করা হয়। র‍্যাব জানায়, পশুর হাট এলাকায় ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে বিশেষ টিম কাজ করছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব-৭ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এমআরএএইচ/এমকেআর

Go to News Site