Collector
ইউরোপে তীব্র দাবদাহ, রেকর্ড ভাঙছে তাপমাত্রা | Collector
ইউরোপে তীব্র দাবদাহ, রেকর্ড ভাঙছে তাপমাত্রা
Somoy TV

ইউরোপে তীব্র দাবদাহ, রেকর্ড ভাঙছে তাপমাত্রা

মে মাসেই ইউরোপের বিভিন্ন দেশে দেখা দিয়েছে অসময়ের তীব্র তাপপ্রবাহ। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেনসহ পশ্চিম ইউরোপের একাধিক দেশে ভেঙে পড়ছে তাপমাত্রার পুরনো রেকর্ড। অতিরিক্ত তাপপ্রবাহে ইতোমধ্যে ফ্রান্সে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ইউরোপে এমন কঠিন পরিস্থিতি আরও ঘন ঘন দেখা দিচ্ছে।স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যে তাপমাত্রা উঠে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির ইতিহাসে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা। লন্ডনের কিউ গার্ডেনে রেকর্ড হওয়া এই তাপমাত্রাকে দেশের আবহাওয়া দফতর ‘মধ্য গ্রীষ্মের মতো অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছে। দিনটি যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে গরম দিন হিসেবেও রেকর্ড হয়েছে। ফ্রান্সেও পরিস্থিতি ভয়াবহ। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার ছিল মে মাসের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তীব্র গরমে ইতোমধ্যে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেছেন, ‘এখন সবচেয়ে জরুরি হলো মানুষকে বারবার সতর্ক করা। তাপপ্রবাহ থেকে নিজেকে রক্ষা করতে সারাদিন নিয়মিত পানি পান করুন, তৃষ্ণা না পেলেও। জানালা বন্ধ রাখুন এবং আশপাশের ঝুঁকিতে থাকা মানুষদের খোঁজ নিন।’ আরও পড়ুন: ইউরোপজুড়ে উত্তেজনা, ইউক্রেনে কি বড় ধরনের হামলা চালাবে রাশিয়া? স্পেনে কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে। রাজধানী মাদ্রিদে গরম এড়াতে মানুষ সুইমিংপুলে ভিড় জমাচ্ছেন। ইতালির কিছু অঞ্চলে খোলা আকাশের নিচে কাজে বিধিনিষেধ জারি করা হয়েছে। দেশটির একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমার মনে হয়, প্রতি বছরই গরমটা একটু আগেই শুরু হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে থাকছে। আমরা যেভাবে পারছি, সেভাবেই মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আমি গরম একেবারেই সহ্য করতে পারি না। শীতকালই বেশি পছন্দ করি। তবে ভালো লাগছে যে আজই প্রথম সুইমিংপুলে এলাম। আমরা যতটা সম্ভব ঠান্ডা থাকার চেষ্টা করছি।’ মঙ্গলবার স্লোভাকিয়ার রাজধানীতেও তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি ছিল। যা মে মাসের শেষের গড় তাপমাত্রার চেয়ে অন্তত ৮ ডিগ্রি বেশি। এসময় তীব্র রোদ থেকে বাঁচতে পর্যটক ও স্থানীয়দের ছায়া খুঁজতে দেখা যায়। আরও পড়ুন: বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত আবহাওয়াবিদরা বলছেন, উত্তর আফ্রিকা থেকে আসা গরম বাতাস আটকে পড়ায় ইউরোপে ‘হিট ডোম’ তৈরি হয়েছে। গবেষকদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে এখন আগেভাগেই তাপপ্রবাহ শুরু হচ্ছে এবং তা আরও দীর্ঘ ও তীব্র হচ্ছে।

Go to News Site