Jagonews24
মুন্সিগঞ্জের পদ্মা নদীতে গরুবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুদিন পর আইয়ুব মিয়া (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৭ মে) দুপুর ২টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আইয়ুব মিয়ার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থেকে কেরানীগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ট্রলারটি পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের পশ্চিম পাশে পৌঁছালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে। প্রবল ঢেউ ও স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব মিয়া নিখোঁজ হন। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ২৮টি গরু ছিল। এরমধ্যে মাত্র পাঁচটি গরু জীবিত উদ্ধার করা গেলেও বাকি গরুগুলো নদীর তীব্র স্রোতে ভেসে যায়। বুধবার দুপুরে শরীয়তপুরের জাজিরার কুন্ডেরচর এলাকা থেকে আইয়ুব আলীর মরদেহ উদ্ধার করা হয়। সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ছবি দেখে স্বজনরা মরদেহটি নিখোঁজ আইয়ুব মিয়ার বলে শনাক্ত করেছেন। বিধান মজুমদার অনি/এসআর/জেআইএম
Go to News Site