Somoy TV
বিশ্বজুড়ে ভাইরাল হওয়া ‘ডনাল্ড ট্রাম্প’ নামে মহিষটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় রাখা হচ্ছে।বুধবার (২৭ মে) রাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটি রাখার জন্য এরইমধ্যে একটি শেড তৈরি করা হয়েছে। ঈদের দিন দর্শনার্থীরা যেন দেখতে পারেন, সেজন্য আজ রাতেই তাকে নেয়া হবে চিড়িয়াখানায়। এর আগে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি বিকেল সাড়ে ৫টার সময় কেরানীগঞ্জ থানায় নেয়া হয়। জানা গেছে, সেখানে তাকে হস্তান্তরের প্রক্রিয়া শেষে রাতেই চিড়িয়াখানায় নেয়া হবে। মানুষ বৃহস্পতিবার (২৮ মে) থেকেই টিকিট কেটে দেখবে। জানা যায়, প্রায় ১ বছর আগে রাজশাহীর একটি হাট থেকে এলভিনো জাতের গোলাপি রঙের বিরল প্রজাতির মহিষটি নিজ খামারের জন্য কিনে আনেন নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা। মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় তার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডনাল্ড ট্রাম্প। মহিষের নাম ‘ডনাল্ড ট্রাম্প’ এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে ভাইরাল হয়। পরে মহিষটিকে নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রচার হয়। আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডনাল্ড ট্রাম্প' বিশ্বের জনপ্রিয় সংবাদমাধ্যম রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলভিনো জাতের মহিষ ডনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে। এরপর ডনাল্ড ট্রাম্প নামের ভাইরাল মহিষটিকে দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ খামারটিতে আসতে শুরু করেন। সোমবার (২৫ মে) বিকেলে ভাইরাল মহিষ ডনাল্ড ট্রাম্পকে পুরান ঢাকার জিনজিরায় নিজ বাড়িতে নিয়ে যান ক্রেতা সামির। ক্রেতা মহিষটিকে নিজ বাড়িতে নিয়ে যেতে এলে লাল গালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। পরে ক্রেতার বাড়িতেও রাজকীয় স্টাইলে অভ্যর্থনা জানিয়ে সাদরে গ্রহণ করা হয় মহিষ ডনাল্ড ট্রাম্পকে। আরও পড়ুন: কক্সবাজারে কোরবানির গরুতে উৎসবের রং ক্রেতা সামির জানিয়েছেন, ৭০০ কেজি ওজনের মহিষটি ৫৫০ টাকা কেজি দরে বেশ কিছুদিন আগে ক্রয় করে খামারের তত্ত্বাবধানে রেখে গিয়েছিলেন। কোরবানির উদ্দেশ্যে কেনা মহিষটি বিশ্বজুড়ে এভাবে ভাইরাল হয়ে যাবে; তা তিনি কল্পনাও করেননি।
Go to News Site