Collector
রাজধানীতে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর | Collector
রাজধানীতে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
Somoy TV

রাজধানীতে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর মগবাজারে হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।বুধবার (২৭ মে) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মগবাজারের ওই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬টি প্রাণ ঝরে গেছে। বিষয়টি তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ফ্যাসিবাদের সময় এবং তত্ত্বাবধায়কের আমলে দেশে স্বাস্থ্য খাতের টাকা লুটপাট হয়েছে। এইজন্য আমাদেরকে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। আমরা অত্যন্ত বিপজ্জনক ও অত্যন্ত সীমাবদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা ক্ষমতা গ্রহণ করেছি। আগামী জুলাইয়ের মধ্যে দেশের সকল হাসপাতালের অবকাঠামো ও যন্ত্রপাতির উন্নয়ন করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত এ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিগত সরকারের গাফিলতিতে আমরা সময়মতো টিকা পাইনি এজন্য হামের প্রাদুর্ভাব বেড়েছে। তবে আমরা বিকল্প মাধ্যমে টিকার সংগ্রহ করেছি এবং বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। আরও পড়ুন: বিগত দুই সরকার লুটপাট করার জন্য টিকা কিনেনি: স্বাস্থ্যমন্ত্রী এর আগে সকালে কিশোরগঞ্জে ঝটিকা সফরে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য প্রকল্প এবং হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে কিশোরগঞ্জে আসেন। পরে কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে নামেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ ও রোগীদের খাবারের মান পরিদর্শন করেন। পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে খোঁজ নেন চিকিৎসা ব্যবস্থার। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আরও পড়ুন: হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘বাসায় এমন তরকারি কি খেতে পারতেন?’এর আগে সকালে মন্ত্রী পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

Go to News Site