Jagonews24
চট্টগ্রামের রাউজানে কালবৈশাখী ঝড়ে সড়কে পড়ে থাকা গাছ সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ শংকর (৪০) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদু মুন্সিপাড়া এজাহার মাস্টার সেতু সড়কে এ ঘটনা ঘটে। নিহত শংকর পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই দক্ষিণকূল এলাকার সতীশ মাস্টার বাড়ির ব্রজেন্দ্র দাশের ছেলে। তিনি দুই সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীরা জানান, কালবৈশাখী ঝড়ে রাউজান-নোয়াপাড়া সড়কের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এ সময় অটোরিকশাচালক শংকর তার গাড়ি থামিয়ে গাছটি সরানোর চেষ্টা করেন। একপর্যায়ে পাশের আরেকটি গাছ ভেঙে তার ওপর পড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথেরহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই নেপাল দাশ বলেন, সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন শংকর। গাছ চাপা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এমআরএএইচ/এএমএ
Go to News Site