Jagonews24
চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতগুলোতে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। নগরের জমিয়তুল ফালাহ ময়দানে হয় সবচেয়ে বড় জামাত। হাজারো মুসল্লি সেখানে ঈদের নামাজ আদায় করেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় জমিয়তুল ফালাহ ময়দানে প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। নামাজের আগে খুতবায় তিনি কোরবানির তাৎপর্য, পশু জবাইয়ের নিয়ম এবং কোরবানির মাংস বণ্টন নিয়ে আলোচনা করেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জামাতে আসা মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য পুরো এলাকায় ১৪০টি সিলিং ফ্যান, ৬০টি স্ট্যান্ড ফ্যান ও ৭০টি মাইকের ব্যবস্থা করা হয়। নিরাপত্তা নিশ্চিতে বসানো হয় ৩০টি সিসি ক্যামেরা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক। এদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের নয়টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ সাইয়েদ আবু নোমান। ঈদের নামাজ শেষে নগরীর বিভিন্ন এলাকায় শুরু হয় পশু কোরবানি। অনেকেই সকালেই কোরবানির পশু প্রস্তুত করে রাখেন। পরে আত্মীয়-স্বজন ও দরিদ্র মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণের প্রস্তুতি নেন সামর্থ্যবানরা। এমআরএএইচ/এসএনআর
Go to News Site