Jagonews24
পবিত্র ঈদুল আজহা আজ বৃহস্পতিবার। সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানিতে ব্যস্ত সময় পার করছেন। আজ দেশের চারটি বিভাগের অনেক জায়গায় এবং বাকি চারটি বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের ছয়টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, ঈদের দিন ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। তবে ঢাকা ও চট্টগ্রামে ঈদের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা কম। তিনি আরও বলেন, দিনের যে কোনো সময় দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এমএমএআর
Go to News Site