Collector
ঈদের উৎসবে কোথায় বেশি আনন্দ, গ্রাম নাকি শহর | Collector
ঈদের উৎসবে কোথায় বেশি আনন্দ, গ্রাম নাকি শহর
Jagonews24

ঈদের উৎসবে কোথায় বেশি আনন্দ, গ্রাম নাকি শহর

ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, ঈদ মানেই আনন্দ, সামাজিক মিলন এবং নতুন রঙের ছোঁয়া। শিশুদের মুখে খুশির উজ্জ্বলতা, তরুণদের নতুন পোশাক ও স্টাইল, আর বয়োজ্যেষ্ঠদের হাসিমুখ-সব মিলিয়ে ঈদের আনন্দ যেন চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরে ঘরে নানান রেসিপির মিষ্টি সুবাস, আত্মীয়-স্বজনের মিলনমেলা এবং চারপাশের রঙিন সাজসজ্জা ঈদের উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। তবে গ্রামের ঈদ এবং শহরের ঈদের আমেজে রয়েছে ভিন্নতা। গ্রামের ঈদে থাকে প্রকৃতির স্নিগ্ধতা, শান্ত পরিবেশ ও আন্তরিক সম্প্রীতির আবহ। আর শহরের ঈদে দেখা যায় ব্যস্ততা, আধুনিকতা এবং শহুরে জীবনের রঙিন আয়োজন। গ্রামের ঈদের সকাল গ্রামের ঈদ উদযাপন শুরু হয় খুবই প্রাকৃতিক এবং ধীর গতিতে। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হয় বাড়ির উঠোন বা খোলা জায়গা এবং নামাজের যাওয়ার রাস্তা পরিষ্কার করা। পরিবার সদস্য, বন্ধুবান্ধব এবং প্রতিবেশী, আত্বীয়-স্বজন একত্রে খোলা ময়দানে ঈদের নামাজে যায়। যেখানে একসঙ্গে মাঠে জড় হওয়া মানুষের আন্তরিকতা, সহমর্মিতা এবং আতিথেয়তা ঈদের উষ্ণতা আরও বাড়িয়ে দেয়। নামাজের পর গ্রামের মানুষজন স্বাভাবিকভাবেই একে অপরকে কুশল বিনিময় করেন। বৃদ্ধ মানুষরা আশপাশের ছোটদের সঙ্গে গল্প করে, শিশুদের খুশি দেখতে পায়। আর কোরবানির ঈদে বড়রা পশু কোরবানির কাজে ব্যস্ত হয়ে পড়েন শিশুরা তা দেখে আনন্দ নেয়। চারদিকে ছড়িয়ে পড়ে ঈদ আমেজ। গ্রামের শিশুরা বিভিন্ন খেলায় মেতে ওঠে-দৌড়, লুকোচুরি, বল খেলা। ঈদকে ঘিরে গ্রামের বেশিরভাগ জায়গায় বিভিন্ন খেলা বা মেলার আয়োজন করা হয়। যা আনন্দকে আরও বাড়িয়ে তুলে। গ্রামের প্রতিটি ঈদ সকালে এমন একটি দৃশ্য হয় যেখানে মানুষের মুখে আনন্দ, সেমাই খাওয়া, গরু কোরবানি দেওয়া-পরিবেশে উৎসবের গন্ধ থাকে। শহরের ঈদের সকাল শহরের ঈদের সকাল শুরু হয় একটু ভিন্ন আবহে। ব্যস্ত নগরজীবনের কারণে শহরের মানুষ সাধারণত দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না। তাই শহরের ঈদ উদযাপন অনেকটাই দ্রুতগতির এবং নির্দিষ্ট পরিকল্পনার ওপর নির্ভরশীল। শহরে খোলা মাঠ তেমন না থাকার কারণে বেশিরভাগই মসজিদগুলোতে সকাল থেকেই মানুষের ঢল নামে। আর অতিরিক্ত ভিড়ের কারণে নামাজের জন্য জায়গা খুঁজে পাওয়াও অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নামাজ শেষে শহরের মানুষ দ্রুত বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন। তবে শহুরে জীবনে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সাধারণত গ্রামের মতো এতটা ঘনিষ্ঠ হয় না। শহরের শিশুরা গ্রামের শিশুদের মতো হাতের কাছে খোলা মাঠ কিংবা পর্যাপ্ত খেলাধুলার সুযোগ খুব কমই পায়। তাই তারা ঈদের আনন্দ খুঁজে নেয় পার্ক, শপিং মল কিংবা বিভিন্ন বিশেষ ঈদ আয়োজনে। তবে কোরবানির ঈদে শহরের পরিবেশে ভিন্ন এক উৎসবমুখর আমেজ দেখা যায়। প্রতিটি বাড়ির সামনে পশু কোরবানির প্রস্তুতি, সারি সারি গরু ও অন্যান্য পশুর উপস্থিতি, কাটাকাটি ও মাংস ভাগ-বাটোয়ারার ব্যস্ততা সব মিলিয়ে এক আলাদা দৃশ্যের সৃষ্টি হয়। বড়রা কোরবানির কাজে ব্যস্ত সময় পার করেন, আর শিশুরা সেই দৃশ্য উপভোগ করে। কারণ শহরের শিশুদের সারা বছর তেমনভাবে পশু দেখার সুযোগ হয় না। এই বিশেষ অভিজ্ঞতা তাদের কাছে ঈদের আনন্দকে আরও আকর্ষণীয় করে তোলে। আত্মীয় পরিজনের বাড়ি ঘুরাঘুরি গ্রামের ঈদের আরেকটি অনন্য দিক হলো আত্মীয়-পরিজনের বাড়িতে ঘুরাঘুরি। প্রাত্যহিক জীবনের ব্যস্ততা ও চাপ থেকে কিছুটা মুক্ত হয়ে গ্রামের মানুষ এ সময় একে অপরের সঙ্গে আন্তরিকভাবে মেলামেশা করে। দূর-দূরান্তের আত্মীয়রাও ঈদ উপলক্ষে বাড়িতে আসে, ফলে গ্রামজুড়ে তৈরি হয় এক মিলনমেলার পরিবেশ। বাড়ির উঠোন, গ্রামের রাস্তা এবং ছোট ছোট দোকানগুলোতেও ফুটে ওঠে ঈদের উৎসবমুখর আমেজ। সবাই একে অপরকে বাড়িতে তৈরি মিষ্টি ও নানা খাবার দিয়ে আপ্যায়ন করে। আর কোরবানির ঈদে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে মাংস বিতরণ যেন এক অনন্য সামাজিক উৎসবে পরিণত হয়। গ্রামের ঈদের সবচেয়ে বড় সৌন্দর্যই হলো এই আন্তরিক সামাজিক বন্ধন ও মিলনের অনুভূতি। শহরের ক্ষেত্রে আত্মীয়দের বাড়ি ঘুরে বেড়ানোর সুযোগ অনেকটাই সীমিত থাকে। ব্যস্ত নগরজীবন, দীর্ঘ যাতায়াতের পথ এবং যানজট- সব মিলিয়ে এই ঘুরাঘুরি বলতে গেলে নির্দিষ্ট পরিকল্পনা ও সময়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। তবুও শহরের ঈদ আনন্দহীন নয়। বড় বড় পরিবার একত্র হয়ে বাসা কিংবা ছাদে আড্ডা দেয়, রেস্তোরাঁয় খাবারের আয়োজন করে কিংবা বিভিন্ন বিশেষ ঈদ ইভেন্টে অংশ নেয়। এ ধরনের আয়োজনগুলোই শহুরে ঈদের আনন্দকে ভিন্ন মাত্রা এনে দেয়। মেলা ও উৎসব গ্রামে ঈদের আনন্দ শুধু নামাজ বা আত্মীয়-পরিজনের সঙ্গে দেখা-সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ঈদকে ঘিরে গ্রামীণ মেলা, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হস্তশিল্প প্রদর্শনী পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। এ ছাড়া গ্রামের গুরুত্বপূর্ণ স্থানগুলো রঙিন কাগজ, ফুল ও নানা সাজসজ্জায় সজ্জিত করা হয়, যা উৎসবের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। ঈদের সময় গ্রামের দোকানপাট ও মোড়গুলোতেও দেখা যায় বিশেষ আয়োজনের ব্যস্ততা। রাস্তাঘাটজুড়ে শিশুদের খেলাধুলা, ধুলোমাখা পথের সঙ্গে রঙিন পোশাকের মেলবন্ধন এবং চারপাশের কোলাহলময় আনন্দ যেন ঈদকে পূর্ণতা দেয়। এই সহজ-সরল অথচ প্রাণবন্ত পরিবেশই গ্রামের ঈদকে করে তোলে আরও হৃদয়ছোঁয়া ও স্মরণীয়। শহরের ঈদের আমেজ অনেকটাই আধুনিক ও বাণিজ্যিক। বড় শহরের রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হল এবং পার্কগুলো ঈদের আনন্দে মুখরিত হয়ে ওঠে। যদিও শহরে গ্রামের মতো ঐতিহ্যবাহী ঈদমেলা খুব বেশি দেখা যায় না, তবুও বিভিন্ন স্থানে থিমভিত্তিক ইভেন্ট ও আধুনিক বিনোদনের আয়োজন করা হয়। এসব আয়োজনে আধুনিক খেলাধুলা ও বিনোদনের বিভিন্ন উপকরণ যুক্ত থাকে, যা শিশু-কিশোরদের বিশেষভাবে আকৃষ্ট করে। এ ছাড়া শপিং মলগুলোতেও শিশুদের জন্য নানা ধরনের খেলা ও বিনোদনের ব্যবস্থা করা হয়, যেখানে বড়রাও আনন্দময় সময় কাটানোর সুযোগ পান। এই আধুনিক আয়োজনগুলো শহুরে ঈদকে ভিন্ন এক প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ এনে দেয়। খাবার ও মিষ্টির ভিন্নতা গ্রামের ঈদের খাবারের আয়োজন সাধারণত প্রথাগত ও স্থানীয় স্বাদের হয়ে থাকে। নিজেদের ঘরের ধানের ভাত, দই, ঘি এবং ঘরে তৈরি বিভিন্ন মিষ্টান্ন ঈদের আনন্দকে আরও বিশেষ করে তোলে। অনেক পরিবার নিজের হাতে সেমাইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা, নাস্তা ও খাবার রান্না করে, যা আত্মীয়-স্বজন ও অতিথিদের আপ্যায়নের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। এই ঘরোয়া খাবারের স্বাদ ও আন্তরিকতাই গ্রামের ঈদের আনন্দকে আরও গভীর ও হৃদয়ছোঁয়া করে তোলে। শহরে খাবারের বৈচিত্র্য বেশি। এখানে রেস্তোরাঁর খাবার, ডেলিভারি সার্ভিস এবং শহরের বাজার থেকে কেনা মিষ্টি খাওয়ার সুযোগ বেশি। শহরের মানুষ প্রায়ই শহরের ফ্যাশন এবং আধুনিকতার ছোঁয়া সঙ্গে খাবারের সঙ্গে যুক্ত করে। সামাজিক বন্ধন ও পরিবেশ গ্রামের ঈদ সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। এখানে মানুষ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে থাকে, হাসি-ঠাট্টা, গল্প-কথা এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেয়। এই আন্তরিকতা ও মিলনের পরিবেশই গ্রামের ঈদকে করে তোলে আরও প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী। শহরের ঈদ বলতে গেলে অনেকটাই আঞ্চলিক ও ব্যক্তিগত। এখানে মানুষের সম্পর্ক সাধারণত সীমিত এবং প্রফেশনাল ধাঁচের হয়। তবুও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে শহরের ঈদ এক ভিন্ন ধরনের আনন্দ নিয়ে আসে। যেখানে জনসমাগম ও ভিড়ের অভিজ্ঞতা বড় পরিসরে দেখা যায়, তবে ব্যক্তিগত সম্পর্ক ও আন্তরিকতার অনুভূতি গ্রামের তুলনায় অনেকটাই কম থাকে। তবুও শহুরে জীবনযাত্রার বৈচিত্র্য ও আধুনিক আয়োজন ঈদকে এক ভিন্ন মাত্রা দেয়। আরও পড়ুনঈদুল আজহায় কোরবানির সঙ্গে থাকুক পরিচ্ছন্ন পরিবেশের প্রতিশ্রুতিএকজন মা ও একটি রাতজাগা পাখি কেএসকে

Go to News Site