Somoy TV
বাগেরহাটের বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। পূর্ব নির্ধারিত সময় বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।প্রথম জামাতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ সরকারসহ বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন স্থান থেকে আসা দুই সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। প্রথম জামাতের শেষে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক। ঈদুল আজহার নামাজ উপলক্ষে ভোর থেকেই বিভিন্ন স্থান থেকে মুসল্লিগণ জড়ো হতে থাকেন ষাটগম্বুজ মসজিদে। বেলা বাড়ার সাথে সাথে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয় ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গন। ৩টি জামাতে ৫ সহস্রাধিক মুসল্লি ঈদের জামাত আদায় করেন বিশ্ব ঐতিহ্য এই মসজিদে। এদিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মসজিদে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে জামাত আদায় করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল মসজিদ কমপ্লেক্স। আনসার, পুলিশ, টুরিস্ট পুলিশ ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করেছেন নিরাপত্তার জন্য। আরও পড়ুন: ঈদে কোথাও লোডশেডিংয়ের সুযোগ নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ঈদের নামাজ শেষে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ঈদুল আজহা ত্যাগ ও মহিমার শিক্ষা দেয়। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে উল্লেখ করে তিনি তাদের জন্য দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, ঈদ শুধু আনন্দের নয়, ঈদ মানে ত্যাগ। জাতি, সমাজ ও দেশের শান্তির জন্য ত্যাগের কোনো বিকল্প নেই। ঈদুল আজহা আমাদের সেই ত্যাগের শিক্ষাই দেয়। আরও পড়ুন: বগুড়ায় ঈদ জামাতে ক্রিকেটার মুশফিকুর রহিম এছাড়া বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ, আলীয়া মাদরাসা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, সরকারি পিসি কলেজ জামে মসজিদ, খানজাহান আলী (রহ) এর মাজার-দরহা জামে মসজিদ, নাগের বাজার হাজী আরিফ জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদ, সরুই মাদরাসা জামে মসজিদসহ জেলা শহর ও উপজেলা সদরের বেশিরভাগ জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
Go to News Site