Jagonews24
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে মুসল্লিদের উপচেপড়া ভিড় ছিল। প্রতিটি মোনাজাতে দেশ-জাতির কল্যাণ ও বিশ্ববাসীর শান্তি কামনা করা হয়। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমাম ছিলেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইসহাক। এদিন ঈদের জামাত ঘিরে সকালের আলো ফোটার আগেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসতে থাকেন। সকাল ৭টার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বায়তুল মোকাররমে আজ পর্যায়ক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত শুরু হয় সকাল ৮টায়। এতে ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। আর মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের চিফ খাদেম নাসির উল্লাহ। সকাল ৯টার তৃতীয় জামাতের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মো. আব্দুল্লাহ আর মুকাব্বির ছিলেন খাদেম মো. রুহুল আমিন। সকাল ১০টায় শুরু হওয়া চতুর্থ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন আর মুকাব্বির ছিলেন খাদেম আব্দুল হাদী। পঞ্চম তথা শেষ জামাত শুরু হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম আমির হোসেন। এদিকে, সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মোনাজাত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পারস্পরিক কুশল বিনিময় করেন। সারাদেশে আজ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন হচ্ছে। এমকেআর
Go to News Site