Collector
ফ্রান্সের পারমাণবিক ছাতার নিচে আসতে চায় নরওয়ে | Collector
ফ্রান্সের পারমাণবিক ছাতার নিচে আসতে চায় নরওয়ে
Jagonews24

ফ্রান্সের পারমাণবিক ছাতার নিচে আসতে চায় নরওয়ে

ইউরোপের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে ফ্রান্সের ‘পারমাণবিক ছাতার’ আওতায় আসতে আলোচনা শুরু করতে যাচ্ছে নরওয়ে। প্যারিসে বৈঠকের পর এ ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস ঘার স্টোরে। এই উদ্যোগকে নরওয়ের প্রতিরক্ষা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশটি ন্যাটো ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার ওপর নির্ভরশীল থাকলেও এখন ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের দিকে ঝুঁকছে। বৈঠকে দুই নেতা একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তিতেও সই করেন। এর আওতায় নরওয়ে ফ্রান্সের নেতৃত্বাধীন একটি পারমাণবিক প্রতিরক্ষা উদ্যোগে যুক্ত হবে। স্টোরে বলেন, নরওয়ের প্রধান নিরাপত্তা ভরসা হিসেবে ন্যাটো ও যুক্তরাষ্ট্রই থাকবে। তবে তিনি ফ্রান্সের পারমাণবিক সক্ষমতাকে ন্যাটোর প্রতিরোধ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে উল্লেখ করেন। ফ্রান্সের পরিকল্পনা অনুযায়ী, নরওয়ে তথাকথিত ফরওয়ার্ড নিউক্লিয়ার ডিটারেন্স ব্যবস্থায় অংশ নেবে। এর মাধ্যমে ইউরোপীয় অংশীদার দেশগুলোকে ফরাসি কৌশলগত পারমাণবিক প্রতিরক্ষা ভাবনায় আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা হবে। ম্যাক্রোঁ বলেন, এই চুক্তি আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক সহায়তার নীতি প্রতিষ্ঠা করছে। তিনি আরও বলেন, এই সহযোগিতা ইউরোপের কৌশলগত স্বনির্ভরতার লক্ষ্যকে এগিয়ে নেবে। যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে অনিশ্চয়তা এবং রাশিয়াকে ঘিরে উত্তেজনার মধ্যে ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এর আগে মার্চে ফ্রান্স ইউরোপের অন্য দেশগুলোকেও তাদের পারমাণবিক সুরক্ষার আওতায় আনার প্রস্তাব দেয়। বাস্তবে এর অর্থ, কোনো অংশীদার দেশের ওপর হামলা হলে ফ্রান্স পারমাণবিক জবাব দেওয়ার বিষয় বিবেচনা করতে পারে। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার পর এবার নরওয়েও ফ্রান্সের এই নিরাপত্তা সুরক্ষার আওতায় আসার পথে এগোলো। তবে স্টোরে স্পষ্ট করেছেন, শান্তিকালে নরওয়েতে কোনো পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হবে না। সূত্র: রয়টার্স এমএসএম

Go to News Site