Collector
ঈদে বাড়িতে পৌঁছানোর আগেই সড়কে প্রাণ গেল দুই শিশুর, হাসপাতালে মা | Collector
ঈদে বাড়িতে পৌঁছানোর আগেই সড়কে প্রাণ গেল দুই শিশুর, হাসপাতালে মা
Jagonews24

ঈদে বাড়িতে পৌঁছানোর আগেই সড়কে প্রাণ গেল দুই শিশুর, হাসপাতালে মা

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চার বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশু দুটির মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঈদ করতে তারা বাড়িতে ফিরছিলেন। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে সাড়ে ৫টার দিকে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ (৪) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা (৪)। দুর্ঘটনায় গুরুতর আহত দুই মা হলেন দুলালী বেগম ও ফরিদা বেগম। পুলিশ সূত্রে জানা গেছে, ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গোবিন্দগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে দুই পরিবার নিজ বাড়িতে ফিরছিল। অটোরিকশাটি ভাদুড়িয়ার কানাগাড়ি বাজার পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। মো. মাহাবুর রহমান/এসআর/জেআইএম

Go to News Site