Jagonews24
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা তেলবাহী এক জাহাজে অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষ। এসময় জাহাজটিতে থাকা ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজে আগুন লাগে। পরে খবর পেয়ে কোস্ট গার্ডের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চার ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম জানিয়েছে, জাহাজটিতে থাকা ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আরও পড়ুনগোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫ স্বপ্ন ছিল লাভের, ফিরছেন লোকসানের বোঝা নিয়ে আগুন নেভানোর কাজে কোস্ট গার্ডের ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ নামের দুটি জাহাজ অংশ নেয়। পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি আধুনিক ফায়ার ফাইটিং টিম মোতায়েন করা হয়। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারি-৩’ ও ‘কান্ডারি-১১’ নামের দুটি জাহাজও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানাতে পারেনি কোস্ট গার্ড। জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আরবিডি কার্গো (রিফাইন্ড, ব্লিচড ও ডিওডোরাইজড পাম অয়েল) নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে। এমআরএএইচ/কেএসআর
Go to News Site