Jagonews24
বগুড়ার সারিয়াকান্দিতে ঈদের দিনে পারিবারিক কলহের জেরে মিমি বেগম (২৬) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিমি বেগম ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের (৩০) স্ত্রী। ঘটনার পর পরই অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নারচি গনকপাড়া এলাকায় নিজ বাড়িতে মিমি বেগমের সঙ্গে তার স্বামী রুবেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ধারালো চাকু দিয়ে মিমিকে আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার এবং রুবেলকে আটক করে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান। তিনি বলেন, ধারালো চাকুর আঘাতে এক নারী নিহত হয়েছেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলবি/এসআর/জেআইএম
Go to News Site