Collector
ঈদের দিনেও কর্মব্যস্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল | Collector
ঈদের দিনেও কর্মব্যস্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
Jagonews24

ঈদের দিনেও কর্মব্যস্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

স্বাস্থ্যসেবায় দেশের আপামর জনসাধারণের কাছে এখনো শেষ ভরসার জায়গা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঈদুল আজহার ছুটিতেও সেবাদানে সরব এখানকার জরুরি বিভাগ। সেই সঙ্গে বিভিন্ন বিভাগে ভর্তি আছেন দুই হাজারের বেশি রোগী। চালু রয়েছে প্যাথলজি, এক্সরেসহ অন্যান্য পরীক্ষা কার্যক্রম। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) কার্যক্রম পরিদর্শনে আসা হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলম বলেন, দেশসেরা হাসপাতাল হিসেবে ঢাকা মেডিকেলের কাছে মানুষের চাওয়া অনেক বেশি। সীমিত সম্পদ দিয়েই রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা ও তাদের মুখে হাসি ফোটানোর কঠিনতম কাজটি করতে হয় এখানকার চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মীদের। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ঢাকা কিংবা ঢাকার বাইরের যে কোনো জটিল রোগীদের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখনো বিশ্বাসের জায়গা। শয্যা খালি না থাকলেও মানবিক দিক বিবেচনা করে এসব জটিল রোগীকে ফেরাতে পারে না ঢাকা মেডিকেল। এদিকে, ঈদের দিন হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তার সঙ্গে ছিলেন ঊর্ধ্বতন চিকিৎসা কর্মকর্তারা। এসময় মহাপরিচালক বলেন, ঈদ কিংবা অন্য ছুটিতেও সেবা দিয়ে যান চিকিৎসক, নার্স আর সহায়ক কর্মচারীরা। সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিবার সাধ্যমতো চেষ্টা করে সেরা সেবাদান নিশ্চিত করতে। ঈদ উপলক্ষে হাসপাতালের প্রস্তুতি দেখে প্রভাত চন্দ্র বিশ্বাস সন্তোষ প্রকাশ করেন। তিনি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে রোগীদের চিকিৎসার খোঁজ নেন। হাসপাতালের উপ-পরিচালক আশরাফুল আলম ঈদের দিনে কর্তব্যরত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন। কেএজেডআইএ/একিউএফ

Go to News Site