Collector
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের | Collector
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
Somoy TV

কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের

মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। কুয়েত জানিয়েছে, তারা হামলার শিকার হয়েছে। এ ঘটনায় চলমান যুদ্ধবিরতি আলোচনা আবার ঝুঁকির মধ্যে পড়েছে। খবর এপির।মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত বুধবার (২৭ মে) রাতে ইরান কুয়েতের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কুয়েত সেগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। আমেরিকার অন্যতম প্রধান মিত্র দেশ কুয়েতের ওপর এই হামলাকে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। কুয়েত আগেই জানিয়েছিল যে তার ভূখণ্ডে হামলা হয়েছে। ইরান দাবি করেছে, চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তার জবাবে তারা একটি উপসাগরীয় দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা করেছে। তবে দেশটির নাম প্রকাশ করেনি। চলতি সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পর হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার আলোচনায় তার প্রশাসন অগ্রগতি করছে। এর মধ্যেই গত সোমবার (২৫ মে) যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থান ও মাইনবাহী নৌকায় হামলা চালায়। যে হামলাকে ‘আত্মরক্ষামূলক’ বলে দাবি করে পেন্টাগন। আরও পড়ুন: মার্কিন হামলায় আইআরজিসি নৌবাহিনীর নতুন প্রধান নিহত? এরপর গত বুধবার রাতে মার্কিন কর্মকর্তারা জানান, তারা আরও হামলা চালিয়ে চারটি আত্মঘাতী ড্রোন ধ্বংস করেছে এবং ইরানের বন্দর আব্বাসে একটি ‘গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন’ আঘাত করেছে, যেখান থেকে আরেকটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। ইরানের রেভল্যুশনারি গার্ড কোর তথা আইআরজিসি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে জানিয়েছে, বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা হয়েছে। জবাবে তারা মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা হামলা করেছে। তবে হামলা যে কুয়েতে চালানো হয়েছে সে কথা সরাসরি স্বীকার করেনি। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৮ মে) তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। তবে বিস্তারিত কিছু জানায়নি। কুয়েতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতরসহ বিভিন্ন বিমান ও নৌঘাঁটি রয়েছে। এপ্রিলের যুদ্ধবিরতির আগেও ইরান ও ইরাকের ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়ারা কুয়েতে একাধিকবার হামলা চালিয়েছিল। আরও পড়ুন: হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি নারী সেনা নিহত বর্তমানে মধ্যপ্রাচ্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রয়েছে এবং যুদ্ধ শেষ করার আলোচনা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার চুক্তি চান — যে প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন হতো। তিনি ইরানকে তার অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ছাড়তে বলছেন। অন্যদিকে ইরান চায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং জব্দকৃত সম্পদ ফেরত দেয়ার নিশ্চয়তা, যাতে তাদের ধ্বংসপ্রায় অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে।

Go to News Site