Somoy TV
মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার শাশুড়ি সাবেক বিচারক গিরিবালা সিংকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) মধ্যপ্রদেশের ভোপালের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিবিআই।এনডিটিভির প্রতিবেদন মতে, আজ সকাল সাড়ে ১০টার দিকে গিরিবালার বাড়িতে যান সিবিআই তদন্তকারীরা। এরপর তাকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। বিকেল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তদন্ত চলাকালে সিবিআই একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন থ্রিডি ক্যামেরা ব্যবহার করে ওই বাসভবনে বিস্তারিত ফরেনসিক পরীক্ষাও চালায়। এতে পুরো চত্বরটি রেকর্ড করা হয় এবং আশেপাশের এলাকাগুলোও স্ক্যান করে দেখা হয় যে, অভিযুক্ত ঘটনাস্থলটি পার্শ্ববর্তী ছাদ বা বারান্দা থেকে দেখা যাচ্ছিল কি না। ত্বিষার মৃত্যুর ঘটনায় সিবিআই যে এফআইআর দায়ের করেছে, তাতে গিরিবালার নাম রয়েছে। তার বিরুদ্ধে যৌতুক বা পণের দাবিতে নির্যাতন করে মুত্যুর মামলা হয়েছে। গত বুধবারই (২৭ মে) গিরিবালার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। ঘটনাক্রমে এর একদিন পরই তাকে গ্রেফতার করা হলো। গত ১২ মে ত্বিষার দেহ উদ্ধার হওয়ার পর থেকেই পলাতক ছিলেন তার স্বামী সমর্থ সিং। গত সপ্তাহে ত্বিষার স্বামী ও গিরিবালার ছেলে সামর্থ সিং ১০ দিন পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করেন। আরও পড়ুন: বাংলাদেশে ঢুকতে সীমান্তে হঠাৎ বহু মানুষ, শুভেন্দু বললেন ‘জলদি ভাগো’ হাইকোর্টের শুনানিতে ত্বিষা শর্মার পরিবারের আইনজীবীরা যুক্তি দেন যে, ভিকটিম ত্বিষাকে মানসিক নির্যাতন করা হয়েছে এবং তাকে শ্বশুরবাড়িতে খুব খারাপভাবে আটকে রাখা হয়েছিল। হাইকোর্ট ত্বিষার বাবা-মা ও আত্মীয়দের দেয়া বয়ানগুলো নথিভুক্ত করেছে। সেখানে শুরু থেকেই সামর্থ সিং এবং গিরিবালা সিংয়ের বিরুদ্ধে ত্বিষাকে নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। আদালত গিরিবালা সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারক এবং সাইবার ক্রাইম, সাইবার ফরেনসিক ও ক্রাইম সিন ম্যানেজমেন্টে প্রশিক্ষিত। আদালতের ধারণা, তিনি হয়তো নিজের এই দক্ষতা ব্যবহার করে প্রমাণ নষ্ট করেছেন এবং তদন্তের গতিপথ প্রভাবিত করার চেষ্টা করেছেন। গিরিবালা সিং ও তার আইনজীবী ছেলে সামর্থ সিংয়ের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগও রয়েছে। আরও পড়ুন: ভারত / বিয়ে করতে এলেন ৪২ জন বর, কনে গায়েব! গত সোমবার (২৫ মে) সিবিআই আনুষ্ঠানিকভাবে ১২ই মে ত্বিষা শর্মার মৃত্যুর ঘটনার তদন্তভার নেয়। সিবিআই রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরটি পুনরায় নথিভুক্ত করে। এতে সামর্থ সিং ও গিরিবালা সিংয়ের নাম রয়েছে। সিবিআইয়ের এফআইআর অনুসারে, বিয়ের পর কনে বিদায়ের সময় গিরিবালা সিং ত্বিষার পরিবারের কাছে ২ লাখ টাকা যৌতুক চেয়েছিলেন এবং ত্বিষার পরিবার তার জোরাজুরিতে টাকাটা দিয়েছিল।
Go to News Site