Somoy TV
ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। তাদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়।বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা ৭টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ। ফেরত আসা যুবকরা জানান, গার্মেন্টসে কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র সীমান্ত পথে তাদের ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের মাধ্যমে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। প্রায় ১৭ মাস কারাভোগ শেষে আইনি প্রক্রিয়ায় তারা দেশে ফেরার সুযোগ পান। ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানার পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়, যাতে পরবর্তী আইনি সহায়তা দেয়া যায়। আরও পড়ুন: মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন এদিকে ফেরত আসা কয়েকজন যুবক অভিযোগ করেন, দেশে ফেরানোর কথা বলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে। তারা আরও জানান, এখনও ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার বাংলাদেশি আটক রয়েছেন। ফেরত আসা এক বাংলাদেশি বলেন, ‘কাজের জন্য ভারতে গিয়েছিলাম। জেল থেকে ছাড়া পেয়ে ভালো লাগছে। ছাড়ানোর জন্য অনেকেই টাকা নিয়েছে অভিযোগ তোলেন।’ জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘গার্মেন্টসে কাজ দেয়ার কথা বলে দালালরা তাদের ভারতে নিয়ে যায়। পরে তারা প্রতারণার শিকার হন। তারা যেহেতু প্রাপ্ত বয়স্ক তাই নিজ নিজ দায়িত্বে রাতেই বাড়ি রওনা দিয়েছেন।’ আরও পড়ুন: সন্দেহভাজন ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ‘হোল্ডিং সেন্টারে’ রাখল পশ্চিমবঙ্গ পুলিশ বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার আঢ্য বলেন, ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেয়া হয়েছে। এ সময় ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Go to News Site