Somoy TV
নিখোঁজ হওয়ার তিনদিন পর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পুকুর থেকে হোসেন মিয়া (৩৭) নামে এক সিএনজি চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৮ মে) কসবা পৌর শহরের টি. আলী বাড়ি মোড় এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বিকেল তিনটার দিকে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। এ সময় পুকুর পাড়ে উৎসুক মানুষের ভিড় জমে যায়। মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আরও পড়ুন: গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫ পরিবারের সদস্যরা জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের সালদা গ্রামের বাসিন্দা ও সিএনজি চালিত অটোরিকশাচালক হোসেন মিয়া গত ২৫ মে বিকেলে নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুকুর থেকে মরদেহ উদ্ধারের পর মুখমণ্ডল দেখে স্বজনরা সেটিকে হোসেন মিয়ার মরদেহ হিসেবে শনাক্ত করেন। এ সময় স্বজনদের কান্নায় ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিখোঁজ সংক্রান্ত জিডিতে উল্লেখ করা হয়, গত সোমবার (২৫ মে) বিকেল চারটার দিকে কসবা থানার কুটি ইউনিয়নের একটি এলাকা থেকে হোসেন মিয়া নিখোঁজ হন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, পুকুর থেকে অর্ধগলিত একটি ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
Go to News Site