Collector
এক টুকরো মাংসের আশায় দরজায় দরজায় অসহায়দের ভিড় | Collector
এক টুকরো মাংসের আশায় দরজায় দরজায় অসহায়দের ভিড়
Somoy TV

এক টুকরো মাংসের আশায় দরজায় দরজায় অসহায়দের ভিড়

কোরবানির ঈদে রাজধানীতে মাংস সংগ্রহ করা যেন অনেক সুবিধাবঞ্চিত মানুষের জন্য খণ্ডকালীন পেশায় পরিণত হয়েছে। এক টুকরো মাংসের আশায় তারা ঘুরছেন ধনীদের বাড়ি বাড়ি। সারা বছর একবেলা গরুর মাংস খাওয়ার অপেক্ষায় থাকেন তারা। কারও মুখে হাসি ফুটলেও, অনেকের চোখে ঝরছে কান্না। তবে অনেক বিত্তবানই হাসিমুখে তাদের হাতে তুলে দিচ্ছেন কোরবানির মাংস।ধানমন্ডির এক সড়কে দাঁড়িয়ে কাঁদছিলেন সেলিনা বেগম। ঈদের দিন সকাল থেকে মাংসের আশায় বিভিন্ন বাড়িতে ঘুরেছেন তিনি। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও পাননি এক টুকরো মাংসও। ঘরে দুই মেয়ে আর অসুস্থ স্বামী নিয়ে সংসারের কষ্ট যেন কান্না হয়ে বেরিয়ে আসছিল তার চোখ দিয়ে। সেলিনা বেগম বলেন, ‘কয়েক ঘণ্টা ঘুরছি, এক টুকরাও পাইনি। গরিব মানুষ, দুঃখে কান্দি। বড়লোকের দুয়ারে যাই, কিন্তু কেউ দেয় না।’ গত বছরের কোরবানির ঈদে শেষবার গরুর মাংস খেয়েছিলেন সেলিনা। তারপর থেকে এই একটি দিনের অপেক্ষাতেই ছিলেন। তিনি বলেন, ‘কোরবানি আসলে মনে হয় দুই টুকরা মাংস খাই। না হলে তো এত দাম দিয়ে কিনতে পারি না।’ সেলিনার মতো হাজারো মানুষ ঈদের দিনগুলোতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। বড় বড় অট্টালিকার সামনে দাঁড়িয়ে থাকেন মাংসের আশায়। কিন্তু অনেক সময় তাদের আকুতি পৌঁছায় না ফ্ল্যাটের বন্ধ দরজার ওপারে। তাদের একজন বলেন, চারটা বাড়িতে গেছি। কেজি মতো মাংস হইছে। কেউ এক টুকরা দিছে, কেউ একটু দিছে। আরও পড়ুন: রাজধানীর মোড়ে মোড়ে কম দামে বিক্রি হচ্ছে কোরবানির মাংস পাড়া-মহল্লা ঘুরে কেউ আধা কেজি, কেউবা এক কেজি মাংস পেয়েই খুশি। এই সামান্য মাংসই যেন তাদের ঈদের আনন্দ। অসহায় এসব মানুষ জানান, বছরের অন্য সময় গরুর মাংস খাওয়ার সুযোগ হয় না। তাই ঈদ এলে একটু মাংসের আসায় বাড়ি বাড়ি ঘুরতে হয়। অসহায় একজন বলেন, ‘এক বছর আগে খাইছি, তারপর আর খাই নাই। এবার এক কেজির মতো হবে মাংস পেয়েছি। গরুর মাংসের দাম এত বেশি, আমরা গরিব মানুষ কীভাবে কিনে খাব?’ অন্যদিকে যারা কোরবানির মাংস তুলে দিচ্ছেন, তারাও এতে আনন্দ খুঁজে পান। তারা বলেন, গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই কোরবানি দেয়া। এক কোরবানিদাতা বলেন, গরিব মানুষের হক আদায় করে তাদের মুখে হাসি ফোটানোর জন্যই আমরা কোরবানি দেই। কোরবানি মানেই ত্যাগ। আমরা গরিব মানুষের জন্যই কোরবানি দিয়েছি। বাংলাদেশের এই মৌসুমি ‘মাংস টোকাই’ শব্দটি এরই মধ্যে জায়গা করে নিয়েছে উইকিপিডিয়াতেও। সেখানে এটিকে খণ্ডকালীন পেশা হিসেবে উল্লেখ করা হয়েছে।

Go to News Site