Collector
‘মাসুদ রানা’ সিনেমা ভালো না লাগলে টাকা ফেরত দেবে জাজ মাল্টিমিডিয়া | Collector
‘মাসুদ রানা’ সিনেমা ভালো না লাগলে টাকা ফেরত দেবে জাজ মাল্টিমিডিয়া
Jagonews24

‘মাসুদ রানা’ সিনেমা ভালো না লাগলে টাকা ফেরত দেবে জাজ মাল্টিমিডিয়া

ঈদের প্রথম দিনেই মুক্তি পেয়েছে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত সিনেমা ‘মাসুদ রানা’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস দেখে আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স পরিদর্শন শেষে এমন আশাবাদের কথা জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, এবার ঈদের সেরা সিনেমা হবে ‘মাসুদ রানা’। আব্দুল আজিজ বলেন, প্রথম দিনের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। বিভিন্ন হল থেকে যে রিপোর্ট পেয়েছি, তাতে বিশ্বাস করি এবং আশা করছি, ঈদের সেরা ছবি হতে যাচ্ছে ‘মাসুদ রানা’। সিনেমাটি নিয়ে নিজেদের আত্মবিশ্বাসের কথাও জানান এই প্রযোজক। তিনি বলেন, সিনেমার গল্প, গান ও নির্মাণ সবকিছুর সমন্বয়ে দারুণ একটি কাজ হয়েছে। কাজী আনোয়ার হোসেন স্যারের সৃষ্ট চরিত্রকে পর্দায় সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকদের পরিবার নিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে আব্দুল আজিজ বলেন, সবাইকে পরিবার নিয়ে হলে এসে ‘মাসুদ রানা’ দেখার অনুরোধ জানাচ্ছি। যদি কোনো দর্শকের সিনেমাটি ভালো না লাগে, তাহলে টিকিটের গায়ে ‘ভালো লাগেনি’ লিখে জাজ মাল্টিমিডিয়ার ঠিকানায় পাঠিয়ে দেবেন। আমরা সেই টিকিটের টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি দিচ্ছি। ঈদুল আজহার প্রথম দিনে তুলনামূলক কম দর্শক হওয়ার কারণও তুলে ধরেন তিনি। বলেন, ঈদে মানুষ কোরবানি ও মাংস নিয়ে ব্যস্ত থাকে। তাই প্রথম দিনে দর্শক কিছুটা কম হয়। তবে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে দর্শকসংখ্যা অনেক বেড়ে যাবে বলে আশা করছি। তখন প্রতিটি শো হাউসফুল যাবে। ইসমাইল সিরাজী/এমএমএআর

Go to News Site