Somoy TV
দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া হাম ও হামের উপসর্গ গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৩২ শিশু।শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বাকি ২ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৬৭৪ জন। আরও পড়ুন: হাম হলে কোন শিশুরা বেশি ঝুঁকিতে? জানালেন চিকিৎসক স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮ হাজার ৫৭৯ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৯৪৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৪ হাজার ৭৯৮ রোগী, যাদের মধ্যে ৫১ হাজার ৫১১ জন ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে। আরও পড়ুন: কমছে না হামের প্রকোপ, বাড়ছে নিউমোনিয়ার মতো জটিলতাও বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও উপসর্গ আশঙ্কাজনক হারে বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
Go to News Site