Jagonews24
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দাওয়াত-এ-ঈদ-এর আয়োজন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। এছাড়াও ক্যাম্পাসে অবস্থানরত কর্মচারীদের জন্য ‘ভ্রাতৃত্বের উপহার-২৬’ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের সামনে ‘ভ্রাতৃত্বের উপহার’ এবং নবাব সিরাজউদ্দৌলা হলে ‘দাওয়াত-এ-ঈদ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এতে অমুসলিম শিক্ষার্থীদের জন্য ছাগলের মাংসের ব্যবস্থাও রাখা হয়। দাওয়াত-এ-ঈদ অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, কিছু ব্যক্তিগত কারণে পরিবার ছেড়ে ক্যাম্পাসেই ঈদ করতে হচ্ছে। এই ঈদে আমার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারব না। তবে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য শিবিরের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আশা করি তারা ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখবে। এ বিষয়ে শিবির সভাপতি মেহেদী হাসান নাইম বলেন, বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী পরিবার থেকে দূরে ক্যাম্পাসে অবস্থান করছেন। তাদের সঙ্গে ঈদের আনন্দ কিছুটা ভাগাভাগি করে নিতেই আমাদের এই ছোট্ট আয়োজন। আমাদের আয়োজনে ক্যাম্পাসের মুসলিম-অমুসলিম সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা ধর্মীয় ও ব্যক্তিগত অনুভূতির প্রতি সম্মান রেখে সবার জন্য উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে চাই। এমডিএসএ/এমআরএম
Go to News Site