Collector
ফাঁকা শহরে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা, নিউমার্কেটের ফুটপাতে ক্রেতা সমাগম | Collector
ফাঁকা শহরে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা, নিউমার্কেটের ফুটপাতে ক্রেতা সমাগম
Jagonews24

ফাঁকা শহরে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা, নিউমার্কেটের ফুটপাতে ক্রেতা সমাগম

ঈদের ছুটি মানেই রাজধানীজুড়ে এক অদ্ভুত নীরবতা। অধিকাংশ মানুষ নাড়ির টানে গ্রামে ফিরে যাওয়ায় ঢাকা এখন ফাঁকা। তবে, এই ফাঁকা ঢাকার চিরচেনা নিউমার্কেট এলাকার ফুটপাতে ভিন্ন চিত্র দেখা গেছে। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই হকাররা পসরা সাজিয়ে বসেছেন। জীবন ও জীবিকার তাগিদে দোকান খুললেও ক্রেতাদের টুকটাক উপস্থিতি ও কেনাকাটা তাদের মাঝে আশার আলো জাগিয়েছে। শুক্রবার (২৯ মে) ঈদুল আজহার দ্বিতীয় দিন বিকেলে সরেজমিনে দেখা যায়, মিরপুর রোডে বন্ধ নিউমার্কেটের সামনের ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা রয়েছে। ঈদের মূল ব্যস্ততা শেষ হলেও অনেকেই জরুরি প্রয়োজন কিংবা গ্রামে ফেরার আগে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য সেখানে ভিড় করছেন। হকারদের সঙ্গে আলাপকালে জানা যায়, ঈদের আগে অতিরিক্ত ভিড়ের কারণে অনেক ক্রেতাই তখন কেনাকাটা করতে পারেননি। আবার কেউ কেউ ঈদের পরেই গ্রামের বাড়িতে ফিরবেন বলে এখন কেনাকাটা করছেন। এক হকার বলেন, জীবিকার তাগিদে দোকান খুলতেই হয়। মানুষের সমাগম কম হলেও টুকটাক বিক্রি হচ্ছে, এটাই ভরসা। এদিকে, কেনাকাটা করতে আসা ক্রেতারা জানান, ঈদের আগে ফুটপাতের পণ্যের দাম আকাশচুম্বী থাকে। একই পোশাক ঈদের পর কিনলে অনেক সাশ্রয় হয়। রাজধানীর হাজারীবাগের বাসিন্দা সোহানা বেগম বলেন, ঈদের আগে মার্কেটে প্রচুর ভিড় থাকে এবং অনেক সময় পছন্দের জিনিসের দামও নাগালের বাইরে থাকে। ঈদের পর ফাঁকা বাজারে কিছুটা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যায় এবং দামও তুলনামূলক কম পাওয়া যায়। ঈদের ছুটির আমেজ থাকলেও নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের এই ব্যস্ততা প্রমাণ করে, ঢাকাবাসীর কেনাকাটার চাহিদা ঈদের দিন বা তার পরবর্তী সময়েও বজায় থাকে। বিশেষ করে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়ার সুযোগ থাকায় ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে থাকে ফুটপাতের দোকানগুলো। এএমএ

Go to News Site